কাশ্মিরে রক্তে ভেজা ঈদুল আজহা: সংঘর্ষে আজও নিহত ২ আহত ৩০
কাশ্মিরে আজ ঈদের নামাজ শেষে সহিংস ঘটনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ প্রতিবাদী যুবক নিহত হয়েছে। আজ (মঙ্গলবার) উত্তর কাশ্মিরের বান্দিপোরা এলাকাতে ঈদের নামাজ শেষে কয়েকশ’ প্রতিবাদী যুবক কারফিউ অমান্য করে সড়কে নেমে বিক্ষোভ দেখায়। এ সময় বিক্ষোভকারীদের মধ্য থেকে কিছু যুবক দেশ-বিরোধী স্লোগান দেয় এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে।
বিক্ষোভকারীদের মোকাবেলা করতে নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়। এ সময় কাঁদানে গ্যাসের শেলের আঘাতে এক যুবক নিহত হয়। ওই যুবক নিহত হওয়ার পর প্রতিবাদীরা আরো ক্ষুব্ধ হয়ে উঠলে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত দলকে পাঠানো হয়।
অন্য একটি ঘটনায় দক্ষিণ কাশ্মিরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক প্রতিবাদী যুবক নিহত হয়। আজ বিজবেহারা, বান্দিপোরা, সোপিয়ান, কুলগাম প্রভৃতি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়।
ঈদ উৎসবকে কেন্দ্র করে কোথাও যাতে সহিংসতা সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে রাজ্য জুড়ে কঠোরভাবে কারফিউ এবং অন্যান্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আকাশে ড্রোন এবং চপার হেলিকপ্টারের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। সেখানকার গোলযোগপূর্ণ প্রত্যেক সড়কে রয়েছে নিরাপত্তা বাহিনীর কঠোর প্রহরা। যদিও প্রতিবাদী জনতা যাবতীয় প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় ২ যুবক নিহত হয়েছে।
এদিকে, কাশ্মিরে চলমান অশান্ত পরিস্থিতির মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি এবং সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আজ ঈদের নামাজ পড়তে পারেননি।
রাজ্যের বড় বড় মসজিদ, এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষজন ঈদের নামাজ পড়তে না পারায় রাজ্য সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন ওমর আবদুল্লাহ। কাশ্মিরের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন তিনি। #
পার্সটুডে/এমএএইচ/আরএইচ/১৩