কাশ্মির পরিস্থিতি অবাধে পর্যবেক্ষণ করতে চায় জাতিসংঘ, ভারতের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/india-i20101-কাশ্মির_পরিস্থিতি_অবাধে_পর্যবেক্ষণ_করতে_চায়_জাতিসংঘ_ভারতের_প্রতিক্রিয়া
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রা’দ আল-হোসেইন কাশ্মির পরিস্থিতি জানতে অবাধ পর্যবেক্ষণের সুযোগ চেয়েছেন ভারত এবং পাকিস্তানের কাছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৬ ০৮:০০ Asia/Dhaka
  • জেইদ রা’দ আল হোসেইন
    জেইদ রা’দ আল হোসেইন

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রা’দ আল-হোসেইন কাশ্মির পরিস্থিতি জানতে অবাধ পর্যবেক্ষণের সুযোগ চেয়েছেন ভারত এবং পাকিস্তানের কাছে।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বৈঠকে দেয়া বক্তৃতায় জেইদ রা’দ আল হোসেইন বলেন, ‘কাশ্মিরের মানুষের ওপর ভারত বলপ্রয়োগ করছে, এ রকম অভিযোগ আমাদের কাছে এসেছে। তাছাড়া নিয়ন্ত্রণ রেখার দুদিক থেকে পরস্পর বিরোধী কথা আমাদের কানে এসে পৌঁছেছে।’

জেইদ আল-হোসেইন বলেন, দুমাস আগে ভারত এবং পাকিস্তান সরকারের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন, তাদের একটি নিরপেক্ষ প্রতিনিধিদলকে নিয়ন্ত্রণ রেখার দু’দিকের কাশ্মিরে যেতে দেয়া হোক। 

তিনি বলেন, ‘পরিস্থিতি খতিয়ে দেখতে একটি স্বাধীন, নিরপেক্ষ আন্তর্জাতিক দলের কাশ্মির যাওয়া উচিত। যাদের উভয় এলাকায় যাওয়ার স্বাধীনতা থাকবে। এ জন্য দু’দেশেরই উচিত নিয়ন্ত্রণরেখা খুলে দেয়া।’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধিদলকে পাকিস্তান অধিকৃত আযাদ কাশ্মির ঘুরে দেখতে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। এবার ভারতের অনুমতির অপেক্ষায় রয়েছেন জেইদ রা'দ আল- হোসেইন। 

জাতিসংঘের ওই বিবৃতি প্রকাশের পর জরুরি ভিত্তিতে আলোচনায় বসে নয়াদিল্লির সাউথ ব্লক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়েছে, ‘মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে ঘৃণ্য চেহারা হলো সন্ত্রাসবাদ। সেটাই চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দুপক্ষের তুলনা করা অর্থহীন। কেননা, জম্মু-কাশ্মিরে নির্বাচিত সরকার রয়েছে। আর পাকিস্তানের দখলে থাকা কাশ্মিরে কূটনীতিককে প্রশাসনের মাথায় বসানো হয়েছে।’# 

পার্সটুডে/এমএএইচ/এআর/১৪