মোদি সমাজকে বিষাক্ত করে পরস্পরের বিরুদ্ধে লড়াই বাঁধিয়ে দিচ্ছেন : রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i20872-মোদি_সমাজকে_বিষাক্ত_করে_পরস্পরের_বিরুদ্ধে_লড়াই_বাঁধিয়ে_দিচ্ছেন_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, নরেন্দ্র মোদি সমাজকে বিষাক্ত করে পরস্পরের বিরুদ্ধে লড়াই বাঁধিয়ে দিচ্ছেন। বুধবার উত্তর প্রদেশের কানপুরে দলীয় এক সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।  
(last modified 2026-02-17T14:37:08+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০১৬ ১৬:০৭ Asia/Dhaka
  • রাহুল গান্ধী- নরেন্দ্র মোদি
    রাহুল গান্ধী- নরেন্দ্র মোদি

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, নরেন্দ্র মোদি সমাজকে বিষাক্ত করে পরস্পরের বিরুদ্ধে লড়াই বাঁধিয়ে দিচ্ছেন। বুধবার উত্তর প্রদেশের কানপুরে দলীয় এক সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।  

রাহুল বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যখন কথা বলেন, মিথ্যা কথাই বলেন। ধর্মে এটা লেখা নেই যে, কারো মধ্যে লড়াই বাঁধিয়ে দিতে হবে।’ তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হিন্দু-মুসলিমের মধ্যে সংঘর্ষ বাঁধানোর অভিযোগ করেন।

রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী হরিয়ানাতে জাঠ এবং জাঠ নয় এমন লোকের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছেন। তিনি বিহার, মহারাষ্ট্র এবং অসমে একে অন্যের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছেন।’

তিনি বলেন, ‘যদি কাউকে দমিয়ে রাখার চেষ্টা করা হয় তাহলে কংগ্রেস দল শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবে।’   

রাহুল বলেন, ‘আমি ধর্মগ্রন্থ পড়েছি। গীতা, উপনিষদ পড়েছি, তাতে লেখা আছে সত্যের জন্য সংগ্রাম করা উচিত। কোনো ধর্মেই লেখা নেই যে, একে অন্যের বিরুদ্ধে লড়াই বাঁধাতে হবে।’  

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যখন কথা বলেন, মিথ্যা কথাই বলেন। তার আড়াই বছরের শাসনকালে কেবল মিথ্যা কথাই বলেছেন। মোদিজি দেশের ১২ শিল্পপতির ১.১০ লাখ  কোটি টাকা ঋণ মওকুফ করেছেন। ওই টাকায় কয়েক হাজার কৃষক পরিবারের সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারত।’

রাজ্যে কংগ্রেস সরকার গঠিত হলে ১০ দিনের মধ্যে কৃষকদের সমস্ত ঋণ মওকুফ করে দেয়া হবে বলে রাহুল প্রতিশ্রুতি দেন। তিনি রাজ্যে উন্নয়ন বন্ধ হওয়ার অভিযোগ করে এ জন্য বিগত ২৭ বছর সময়ে ক্ষমতায় থাকা সপা, বসপা এবং বিজেপি সরকারকে দায়ী করেন।   

উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে রাহুল গান্ধী রাজ্যটির বিভিন্ন জায়গায় ছোট-বড় সভা-সমাবেশ করছেন। কৃষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে তিনি আড়াই হাজার কিলোমিটার ‘কিষাণ যাত্রা’ শুরু করেছেন। # 

পার্সটুডে/এমএএইচ/এআর/২২