কাশ্মিরে সহিংসতার প্রতিবাদ: লোকসভা থেকে পিডিপি নেতার পদত্যাগ
https://parstoday.ir/bn/news/india-i21040-কাশ্মিরে_সহিংসতার_প্রতিবাদ_লোকসভা_থেকে_পিডিপি_নেতার_পদত্যাগ
কাশ্মিরে সহিংসতার প্রতিবাদে সংসদ সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন রাজ্যে ক্ষমতাসীন পিডিপি’র সিনিয়র নেতা তারিক হামিদ কাররা। শুক্রবার তিনি তার পদত্যাগপত্র লোকসভার স্পিকারের কাছে পাঠিয়ে দেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৬ ১১:২৩ Asia/Dhaka
  • পিডিপি’র সিনিয়র নেতা তারিক হামিদ কাররা
    পিডিপি’র সিনিয়র নেতা তারিক হামিদ কাররা

কাশ্মিরে সহিংসতার প্রতিবাদে সংসদ সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন রাজ্যে ক্ষমতাসীন পিডিপি’র সিনিয়র নেতা তারিক হামিদ কাররা। শুক্রবার তিনি তার পদত্যাগপত্র লোকসভার স্পিকারের কাছে পাঠিয়ে দেন।

তারিক হামিদ কাররা গত ১৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে দল এবং সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেয়ার কথা ঘোষণা করেছিলেন। ওই সময় তিনি ‘পিডিপি-বিজেপি জোট সরকার বিজেপি'র এজেন্ডায় চলছে এবং ‘পিডিপি ফ্যাসিস্ট আরএসএসের সহযোগীতে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছিলেন।  

গণমাধ্যমে প্রকাশ, কাশ্মিরে সহিংসতা বন্ধ করার লক্ষ্যে সংসদ কোনো কংক্রিট পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার প্রতিবাদে তারিক হামিদ কাররা এমপি পদ থেকে ইস্তফা দিয়েছেন।

রাজ্যের চলমান পরিস্থিতির জন্য তিনি ক্ষমতাসীন পিডিপি-বিজেপি জোট সরকারকে দায়ী করে বলেন, ‘প্রতারণা, বিভ্রান্তি এবং বিতৃষ্ণার বীজ ওই দিনই মানুষের হৃদয় এবং মনে রোপিত হয়েছে যেদিন পিডিপি বিজেপি’র সঙ্গে অস্বাভাবিক জোট গড়েছিল। তারিক হামিদ প্রথম থেকেই বিজেপি’র সঙ্গে জোট গঠন করে সরকার গড়ার প্রবল বিরোধী ছিলেন। যদিও সেসময় তিনি দল থেকে আশানুরূপ সাড়া পাননি।’  

তারিক হামিদ কাররা বলেন, ‘ক্রমাগত হত্যা, লোকদের মারাত্মকভাবে আহত করা, কাশ্মিরি জনতাকে দমন করার মতো দুঃখজনক পরিস্থিতির সমাধান খুঁজতে সংসদ, কেন্দ্রীয় সরকার এবং জম্মু-কাশ্মির সরকারের ব্যর্থতার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘কাশ্মিরে চলমান পরিস্থিতি স্রেফ বিপজ্জনক নয়, বরং বেদনাদায়কও বটে। দৈনিক আহতের সংখ্যা হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, গ্রেফতার লোকদের সংখ্যা আটক রাখার ক্ষমতার চেয়ে বেড়ে চলেছে।’

লোকসভার স্পিকারকে পাঠানো চিঠিতে তারিক হামিদ কাররা বলেন, ‘জম্মু-কাশ্মিরের ইতিহাসে এই প্রথমবার ঈদের নামাজ না পড়তে বাধ্য করা হয়েছে।’

তিনি তার পদত্যাগপত্র ১৫ সেপ্টেম্বর থেকে গ্রহণ করার জন্য বলেছেন। ওই দিন তিনি সংবাদ সম্মেলন করে দল এবং পার্লামেন্টের মেম্বার পদ থেকে ইস্তফা দেয়ার কথা ঘোষণা করেছিলেন।

প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত ৬১ বছর বয়সী তারিক হামিদ কাররা ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আব্দুল্লাহকে ৪০ হাজার ভোটে পরাজিত করেছিলেন। পিডিপি’র প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম তারিক হামিদ ২০০২ সালে সাবেক মুফতি মুহাম্মদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৪