কাশ্মিরে সিআরপিএফ টহল দলের ওপর গ্রেনেড হামলা: আহত ৫
https://parstoday.ir/bn/news/india-i21250-কাশ্মিরে_সিআরপিএফ_টহল_দলের_ওপর_গ্রেনেড_হামলা_আহত_৫
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অনন্তনাগ জেলায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ’র টহল দলের ওপর গেরিলাদের গ্রেনেড হামলায় ৫ জওয়ান আহত হয়েছেন। আজ (সোমবার) সিআরপিএফ জওয়ানরা শ্রীনগর-জম্মু মহাসড়কে রুটিন টহলদারিতে বের হলে তাদের ওপর ওই হামলা হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৬ ১৬:০৩ Asia/Dhaka
  • হাসপাতালে চিকিৎসাধীন আহত এক  সিআরপিএফ জওয়ান
    হাসপাতালে চিকিৎসাধীন আহত এক সিআরপিএফ জওয়ান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অনন্তনাগ জেলায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ’র টহল দলের ওপর গেরিলাদের গ্রেনেড হামলায় ৫ জওয়ান আহত হয়েছেন। আজ (সোমবার) সিআরপিএফ জওয়ানরা শ্রীনগর-জম্মু মহাসড়কে রুটিন টহলদারিতে বের হলে তাদের ওপর ওই হামলা হয়।

বিস্ফোরণে আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।   

অনন্তনাগ জেলা হাসপাতালে অনিল কুমার, দীপক কুমার এবং অরুণ কুমার নামে আহত ৩ জওয়ানকে স্থানান্তর করা হয়। এরা সবাই সিআরপিএফের ৯০ ব্যাটেলিয়ানের সদস্য। ওই হামলায় একটি প্রাইভেট সুইফট কার ক্ষতিগ্রস্ত হয়। 

এদিকে, সিআরিপএফ জওয়ানদের ওপর হামলার পর সেনাবাহিনী এবং সিআরপিএফের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে।

অন্যদিকে, আজ সকালে উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলায় গুরেজ সেক্টরে ভারত-পাক সীমান্ত দিয়ে গেরিলাদের অনুপ্রবেশ করার খবর আসে।

ভারতের গণমাধ্যমে দাবি করা হয়েছে, ২৫ সেপ্টেম্বর রাতে পাক সেনারা ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালালে ভারতীয় সেনারা পাল্টা জবাব দেয়। অন্যদিকে, অনুপ্রবেশকারী ২ গেরিলার সন্ধানে ইউএভিসিস্টেম এবং হেলিকপ্টারের সাহায্যে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৬