কাশ্মিরে সেনা ক্যাম্পে হামলা: ৩ গেরিলা নিহত, অস্ত্র উদ্ধার
https://parstoday.ir/bn/news/india-i22108-কাশ্মিরে_সেনা_ক্যাম্পে_হামলা_৩_গেরিলা_নিহত_অস্ত্র_উদ্ধার
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কুপওয়ারা জেলায় সেনাবাহিনীর একটি ক্যাম্পে হামলা চালিয়েছে গেরিলারা। সেনাবাহিনীর পাল্টা হামলায় তিন গেরিলা নিহত হয়েছে। সেনাবাহিনীর তৎপরতায় গেরিলারা সেনা ক্যাম্পের মধ্যে ঢুকতে পারে নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৬, ২০১৬ ০৯:১৫ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কুপওয়ারা জেলায় সেনাবাহিনীর একটি ক্যাম্পে হামলা চালিয়েছে গেরিলারা। সেনাবাহিনীর পাল্টা হামলায় তিন গেরিলা নিহত হয়েছে। সেনাবাহিনীর তৎপরতায় গেরিলারা সেনা ক্যাম্পের মধ্যে ঢুকতে পারে নি।

আজ (বৃহস্পতিবার) গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে।  

সেনাবাহিনীর এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "আজ ভোর ৫টা নাগাদ সন্ত্রাসীরা কুপওয়ারা জেলার লঙ্গাটে অবস্থিত সেনা ক্যাম্পে গুলিবর্ষণ শুরু করে। ভারতীয় সেনা জওয়ানরা সতর্ক থাকায় তারা সন্ত্রাসীদের পরিকল্পনা ব্যর্থ করে দেয়।"

সেনাবাহিনীর ওই কর্মকর্তা বলেন, ‘"দু পক্ষের মধ্যে কমপক্ষে ১৫/২০ মিনিট ধরে গোলাগুলি চলে। সংঘর্ষে ভারতীয় সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নি।"

এর আগে গত ২ অক্টোবর উত্তর কাশ্মিরের বারামুল্লায় ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের সেনা শিবিরে গেরিলা হামলায় এক জওয়ান নিহত হয়। সে সময় অবশ্য গেরিলারা সেনাবাহিনীকে ফাঁকি দিয়ে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়।

গত ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মিরের উরিতে সেনা বাহিনীর ব্রিগেড সদর দফতরে গেরিলা হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়েছিল। সে সময় সেনাবাহিনীর পাল্টা হামলায় ৪ গেরিলা নিহত হয়।

এর পরেই ভারতের পক্ষ থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়ে সন্ত্রাসী শিবির গুঁড়িয়ে দেয়া এবং বহু সন্ত্রাসী নিহত হওয়ারি দাবি করা হয়। তবে, পাকিস্তান তা অস্বীকার করে। ওই ঘটনাকে কেন্দ্র করে দু দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি জাতিসংঘও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৬