কাশ্মিরে গেরিলায় হামলায় পুলিশ নিহত, পেলেটগানের গুলিতে আহত শিশুর মৃত্যু
https://parstoday.ir/bn/news/india-i22336-কাশ্মিরে_গেরিলায়_হামলায়_পুলিশ_নিহত_পেলেটগানের_গুলিতে_আহত_শিশুর_মৃত্যু
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পুলিশ ফাঁড়িতে গেরিলা হামলায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। অন্যদিকে, নিরাপত্তাবাহিনীর পেলেট গানের ছররা গুলিতে আহত ১২ বছর বয়সী এক শিশু আজ (শনিবার) মারা গেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৮, ২০১৬ ০৯:২৭ Asia/Dhaka
  • জুনাইদ আহমদ ভাটের মরদেহ
    জুনাইদ আহমদ ভাটের মরদেহ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পুলিশ ফাঁড়িতে গেরিলা হামলায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। অন্যদিকে, নিরাপত্তাবাহিনীর পেলেট গানের ছররা গুলিতে আহত ১২ বছর বয়সী এক শিশু আজ (শনিবার) মারা গেছে।

শ্রীনগরের সাইদপোরা এলাকার বাসিন্দা জুনাইদ আহমদ ভাট নামে ওই শিশু শুক্রবার বিকেলে নিরাপত্তা বাহিনীর ছররা গুলিতে আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে ওই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সেখানে চলমান সহিংসতায় গত ৩ মাসে ৯১ জন নিহত হল।

একটি সূত্রে প্রকাশ, জুনাইদ নামে ওই শিশুটি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকার সময় নিরাপত্তা বাহিনীর ছোঁড়া ছররা গুলিতে আহত হয়।  

আজ জুনাইদের লাশ বাসায় আনা হলে কয়েক হাজার ক্ষুব্ধ জনতা সড়কে নেমে এসে সরকার বিরোধী স্লোগান দেয়। তার লাশ শহরের ঈদগাহের কাছাকাছি শহীদদের কবরস্থানে নিয়ে যাওয়ার সময় প্রতিবাদী জনতাকে নিয়ন্ত্রণ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে ছোঁড়ে।

স্থানীয়রা বলছেন, নিরাপত্তা বাহিনী তার লাশ নিয়ে যেতে বাধা দেয়। ওই ঘটনায় মানুষজন ক্ষুব্ধ হয়ে উঠলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় কাঁদানে গ্যাসের শেল এবং ছররা গুলির আঘাতে নতুন করে বেশ কয়েকজন আহত হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শ্রীনগরে কারফিউ জারি করা হয়েছে।   

অন্যদিকে, সোপিয়ানের হরপোরা এলাকার জামনগরে গতকাল রাতে এক পুলিশ ফাঁড়িতে গেরিলা হামলায় নাজির আহমদ নামে এক কনস্টেবল নিহত এবং জহুর আহমদ নামে এক কনস্টেবল আহত হয়। ওই ঘটনায় এক বেসামরিক ব্যক্তিও আহত হয়েছে। গেরিলারা সংখ্যালঘু এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ফাঁড়িতে মোতায়েন জওয়ানদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালিয়ে জবাব দিলেও গেরিলারা নিরপদে ঘটনাস্থল ত্যাগ করতে সমর্থ হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৮