কাশ্মিরে পুলিশ ফাঁড়ি থেকে রাইফেল কেড়ে নিল গেরিলারা, দুই পুলিশ বরখাস্ত
https://parstoday.ir/bn/news/india-i22423-কাশ্মিরে_পুলিশ_ফাঁড়ি_থেকে_রাইফেল_কেড়ে_নিল_গেরিলারা_দুই_পুলিশ_বরখাস্ত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলায় সন্দেহভাজন গেরিলারা একটি পুলিশ ফাঁড়িতে মোতায়েন পুলিশ কর্মীদের কাছ থেকে দু টি রাইফেল কেড়ে নিয়ে পালিয়ে গেছে। পুলিশ এবং আধা সামরিক বাহিনী- সিআরপিএফ গোটা এলাকা ঘিরে ফেলে গেরিলাদের ধরতে অভিযান শুরু করেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৯, ২০১৬ ০৮:১৯ Asia/Dhaka
  • কাশ্মিরে পুলিশ ফাঁড়ি থেকে রাইফেল কেড়ে নিল গেরিলারা, দুই পুলিশ বরখাস্ত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলায় সন্দেহভাজন গেরিলারা একটি পুলিশ ফাঁড়িতে মোতায়েন পুলিশ কর্মীদের কাছ থেকে দু টি রাইফেল কেড়ে নিয়ে পালিয়ে গেছে। পুলিশ এবং আধা সামরিক বাহিনী- সিআরপিএফ গোটা এলাকা ঘিরে ফেলে গেরিলাদের ধরতে অভিযান শুরু করেছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘শনিবার রাতে পুলওয়ামার লসসিপুরের তুমলাহাল গ্রামে এক ফাঁড়িতে মোতায়েন পুলিশ কর্মীদের কাছ থেকে দুটি এসএলআর রাইফেল ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে।’ 

ওই কর্মকর্তা বলেন, ‘পুলিশ বিষয়টি আমলে নিয়েছে এবং সিনিয়র পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। এ নিয়ে বিস্তারিত তথ্য জানার জন্য একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।’

কাশ্মিরে হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে এ পর্যন্ত অস্ত্র কেড়ে নেয়ার ২৭ টি ঘটনা ঘটেছে।  

একটি সূত্রে প্রকাশ, ওই পুলিশকর্মীরা সংখ্যালঘু কাশ্মিরি পণ্ডিতদের নিরাপত্তায় মোতায়েন ছিল। কর্তব্যে অবহেলার অভিযোগে দুই পুলিশকর্মীকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

গত শুক্রবার রাতে কাশ্মিরের সোপিয়ানের হরপোরার জামনগরে সংখ্যালঘু এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ ফাঁড়িতে গেরিলারা হামলা চালালে নাজির আহমদ নামে এক কনস্টেবল নিহত এবং জহুর আহমদ নামে এক কনস্টেবল আহত হন। ওই ঘটনায় এক বেসামরিক ব্যক্তিও আহত হন।

এরপরেই কাশ্মির উপত্যাকাজুড়ে সংখ্যালঘু এলাকার নিরাপত্তা ব্যবস্থায় সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু শনিবার রাতেই সংখ্যালঘু এলাকায় মোতায়েন থাকা দুই পুলিশকর্মীর কাছ থেকে রাইফেল কেড়ে নেয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে।

হামলাকারী ওই গেরিলারা প্রহরারত দুই পুলিশ কর্মীকে আত্মরক্ষা করার কোনো সুযোগই দেয়নি। তাদের পণবন্দি করে দুটি সরকারি রাইফেল, কার্তুজ এবং ম্যাগজিন লুট করে নিয়ে যায়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৯