কাশ্মিরে সরকারি ভবনে গেরিলা হামলা ও অগ্নিসংযোগ, ১ সেনা আহত
https://parstoday.ir/bn/news/india-i22537-কাশ্মিরে_সরকারি_ভবনে_গেরিলা_হামলা_ও_অগ্নিসংযোগ_১_সেনা_আহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পামপোরে একটি সরকারি ভবনে গেরিলা হামলায় সেনাবাহিনীর এক জওয়ান আহত হয়েছে। গুলিবিদ্ধ ওই সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেরিলারা আজ (সোমবার) সকালে ইন্টারপ্রিওনারশিপ ডেভলপমেন্ট ইনস্টিটিউট বা ইডিআই ভবনে হামলা চালায়।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১০, ২০১৬ ১১:১০ Asia/Dhaka
  • কাশ্মিরে সরকারি ভবনে গেরিলা হামলা ও অগ্নিসংযোগ, ১ সেনা আহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পামপোরে একটি সরকারি ভবনে গেরিলা হামলায় সেনাবাহিনীর এক জওয়ান আহত হয়েছে। গুলিবিদ্ধ ওই সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেরিলারা আজ (সোমবার) সকালে ইন্টারপ্রিওনারশিপ ডেভলপমেন্ট ইনস্টিটিউট বা ইডিআই ভবনে হামলা চালায়।  

ইডিআই ক্যাম্পাসের ভেতরে ২/৩ জন গেরিলা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই ভবনেই চলতি বছরের শুরুতে গেরিলা এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছিল।  

সূত্র জানিয়েছে, আজ সকাল ৬টার সময় জম্মু-কাশ্মির ইডিআই চত্বরে অবস্থিত একটি ভবনে আগুন ধরে যায়। পুলিশ বলছে, গেরিলারাই ওই আগুন ধরায়। দ্রুত ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছালেও নিরাপত্তার কারণে তাদের ভেতরে ঢুকতে দেয় নি। এর পর সেখান থেকে গুলির শব্দ শোনা যায়।  

সেনাবাহিনী এবং স্পেশাল অপারেশন্স গ্রুপের সদস্যরা ওই ভবন খালি করে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। এ সময় গেরিলা এবং সেনাদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।  

ইডিআই ক্যাম্পাসটি রাজধানী শ্রীনগর থেকে ১০ কিলোমিটার দূরে শ্রীনগর-জম্মু মহাসড়কে অবস্থিত। গেরিলা হামলার পর জম্মু-শ্রীনগর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

গত ফেব্রুয়ারিতেও গেরিলারা ওই ভবনে হামলা চালায় এবং সেসময় ৪৮ ঘণ্টা ধরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছিল। তাতে নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছিল।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১০