কাশ্মিরে জেকেএলএফ প্রধান ইয়াসিন মালিক গ্রেফতার, ওমর ফারুক গৃহবন্দি
https://parstoday.ir/bn/news/india-i25345-কাশ্মিরে_জেকেএলএফ_প্রধান_ইয়াসিন_মালিক_গ্রেফতার_ওমর_ফারুক_গৃহবন্দি
জম্মু-কাশ্মিরে আজ জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসিন মালিককে পুলিশ গ্রেফতার করেছে। অন্যদিকে, হুররিয়াত কনফারেন্সের একাংশের প্রধান মীরওয়াইজ ওমর ফারুককে গৃহবন্দি করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১০, ২০১৬ ১৭:৩৪ Asia/Dhaka
  • জেকেএলএফ চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসিন মালিক
    জেকেএলএফ চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসিন মালিক

জম্মু-কাশ্মিরে আজ জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসিন মালিককে পুলিশ গ্রেফতার করেছে। অন্যদিকে, হুররিয়াত কনফারেন্সের একাংশের প্রধান মীরওয়াইজ ওমর ফারুককে গৃহবন্দি করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বিকেলে মুহাম্মদ ইয়াসিন মালিককে তার বাসভবন থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এর আগে পুলিশ তাকে গত ১১ জুলাই গ্রেফতার করেছিল। দীর্ঘ প্রায় চার মাস ধরে শ্রীনগর কারাগারে বন্দি থাকার পরে অবশেষে তাকে গত ২৯ অক্টোবর মুক্তি দেয়া হয়। কিন্তু মাত্র দিন দশেক পরই পুলিশ আবারো তাকে গ্রেফতার করল।     

ইয়াসিন মালিক-সৈয়দ আলী শাহ গিলানি ও মীর ওয়াইজ ওমর ফারুক

আগামীকাল (শুক্রবার) প্রতিবাদ বিক্ষোভের আশঙ্কায় তার আগের সন্ধ্যাতেই কাশ্মিরি  শীর্ষ নেতাদের গ্রেফতার এবং গৃহবন্দি করার খবর প্রকাশে এল। শুক্রবার কাশ্মিরি নেতারা ‘জামিয়া চলো’ পদযাত্রা এবং সমাবেশের ডাক দিয়েছেন। কাশ্মিরি নেতাদের নির্ধারিত কর্মসূচি ব্যর্থ করতে এবং একে কেন্দ্র করে বড়সড় অশান্তি এড়ানোর লক্ষ্যে পুলিশ ওই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।    

হুররিয়াত নেতা মীরওয়াইজ ওমর ফারুককে এদিন গৃহবন্দি করা হয়। অন্যদিকে, হুররিয়াতের সিনিয়র নেতা সাইয়্যেদ আলী শাহ গিলানির গৃহবন্দি অবস্থা আরো কঠোর করা হয়েছে। গত কয়েকদিন ধরে তার গৃহবন্দি অবস্থা কিছুটা শিথিল করা হয়েছিল।  

মীরওয়াইজ ওমর ফারুক এবং গিলানির পাশপাশি পিপলস পলিটিক্যাল পার্টির চেয়ারম্যান হিলাল বার, মাওলানা আনসারী, মুহাম্মদ আশরাফ সহরাইকেও পুনরায় তাদের বাসায় গৃহবন্দি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজধানী শ্রীনগর এবং এর আশপাশের এলাকায় সক্রিয় দুর্বৃত্তদের ওপরেও নজরদারি বাড়ানো হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১০