জম্মু-কাশ্মির সীমান্তে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধার দাবিতে বিরোধীদের ওয়াকআউট
https://parstoday.ir/bn/news/india-i27112-জম্মু_কাশ্মির_সীমান্তে_নিহত_সেনাদের_প্রতি_শ্রদ্ধার_দাবিতে_বিরোধীদের_ওয়াকআউট
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের এক সেনাশিবিরে গেরিলা হামলায় ৭ সেনা জওয়ান নিহত হওয়ার ঘটনায় তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দাবিতে সংসদ থেকে ওয়াকআউট করল বিরোধীরা। মঙ্গলবার গেরিলা হামলায় জম্মুর নগরোটায় এক সেনা শিবিরে হামলা চালালে দুই কর্মকর্তাসহ ৭ সেনা জওয়ান নিহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ৩০, ২০১৬ ১২:৪৯ Asia/Dhaka
  • ভারতের লোকসভা থেকে বিরোধীদের ওয়াকআউট
    ভারতের লোকসভা থেকে বিরোধীদের ওয়াকআউট

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের এক সেনাশিবিরে গেরিলা হামলায় ৭ সেনা জওয়ান নিহত হওয়ার ঘটনায় তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দাবিতে সংসদ থেকে ওয়াকআউট করল বিরোধীরা। মঙ্গলবার গেরিলা হামলায় জম্মুর নগরোটায় এক সেনা শিবিরে হামলা চালালে দুই কর্মকর্তাসহ ৭ সেনা জওয়ান নিহত হয়।

আজ (বুধবার) সংসদের কাজ শুরু হতেই কংগ্রেস, তৃণমূল এবং বামদলের পক্ষ থেকে নিহত সেনা সদস্যদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর দাবি তোলা হয়। লোকসভার স্পিকার অবশ্য তাতে রাজি না হওয়ায় বিরোধীরা সংসদ থেকে বেরিয়ে যান। 

স্পিকার সুমিত্রা মহাজন বলেন, আমি সব সময়ই এটা করে থাকি। কিন্তু এখনো সেনা তল্লাশি চলছে। সম্পূর্ণ তথ্য আসার পরেই শ্রদ্ধা জানানো হবে, এটা কোনো বিতর্কের বিষয় হওয়া উচিত নয়।

সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার বলেন,এখনো তল্লাশি অভিযান চলছে। এ রকম স্পর্শকাতর বিষয়ে রাজনীতি হওয়া উচিত নয়।

বিরোধীরা অবশ্য তাৎক্ষণিকভাবে নিহত সেনাদের উদ্দেশ্যে সম্মান জানানোর দাবিতে লোকসভা থেকে ওয়াক আউট করেন। বিরোধীদের তুমুল হট্টগোলের জেরে সংসদের কাজ বেলা ১২ টা পর্যন্ত স্থগিত করতে হয়।

পরে কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেন, সংসদের নিয়ম অনুসারে কারো মৃত্যু হলে তাকে শ্রদ্ধা জানানো হয়। কিন্তু আজ শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়নি, এ জন্য বিরোধীরা ওয়াক আউট করেছে।

কেন্দ্রীয়মন্ত্রী বেঙ্কইয়া নাইডু বলেন, নগরোটাতে চিরুনি তল্লাশি অব্যাহত রয়েছে, তা সম্পূর্ণ হওয়ার পরেই সংসদে শহীদের উদ্দেশ্যে সম্মান জানানো হবে। তিনি বলেনদেশের নিরাপত্তা এবং সেনাবাহিনীকে নিয়ে কংগ্রেস রাজনীতি করছে এটা খুব দুর্ভাগ্যজনক।  

মঙ্গলবার গেরিলা হামলায় জম্মুর নগরোটায় এক সেনা শিবিরে হামলা চালালে দুই কর্মকর্তাসহ ৭ সেনা জওয়ান নিহত হয়। সেনাবাহিনীর পাল্টা হামলায় নিহত হয় ৫ গেরিলাও।   

আজ রাজ্যসভাতেও প্রধানমন্ত্রীকে সংসদে আসা এবং জম্মু-কাশ্মিরে গেরিলা হামলায় নিহত সেনা সদস্যদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর দাবিতে বিরোধীরা তুমুল হট্টগোল শুরু করেন। এর ফলে প্রথমে বেলা ১২ টা এবং পরে আবারো বেলা ২ টা পর্যন্ত সংসদের কাজ বন্ধ রাখতে বাধ্য হন ডেপুটি চেয়ারম্যান পি জে ক্যুরিয়েন।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৩০