জম্মু-কাশ্মিরে ভুয়ো সংঘর্ষে কংগ্রেস কর্মীকে হত্যার অভিযোগ, তদন্ত দাবি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে মোতায়েন নিরাপত্তা বাহিনী ভুয়ো সংঘর্ষে এক কংগ্রেস কর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে সাজ্জাদ মালিক নামে নিহত ওই কংগ্রেস কর্মীর হত্যার তীব্র সমালোচনা করে বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন জম্মু-কাশ্মিরের কংগ্রেস সভাপতি ও সাবেক মন্ত্রী গুলাম আহমদ মীর৷
পুলিশের দাবি, "বৃহস্পতিবার সন্ধ্যায় সাজ্জাদ মালিক নামে এক ব্যক্তি দোরু পুলিশ থানা থেকে একটি একে-৪৭ রাইফেল এবং ম্যাগজিন নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাজারের কাছে কয়েক রাউন্ড গুলিও চালায় এবং অন্ধকারের সুযোগে ওই ব্যক্তি অন্যত্র পালিয়ে যায়। এ সময় চেরিকারির কাছে ওই ব্যক্তি সেনাবাহিনীর টহলদারি দলের ওপর গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে সাজ্জাদ মালিক নিহত হয়।"
পুলিশ বলেছে, সাজ্জাদ মালিকের বিরুদ্ধে অতীতে সন্ত্রাসী কাজকর্মের অভিযোগ রয়েছে। এর আগে তাকে গ্রেফতারও করা হয়েছিল। নিহত সাজ্জাদের কাছ থেকে খোয়া যাওয়া রাইফেল উদ্ধার হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
অন্য একটি সূত্রে প্রকাশ, সাজ্জাদ মালিককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি এক পুলিশ কর্মীর রাইফেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর ১৯ রাষ্ট্রীয় রাইফেলস তার পিছু ধাওয়া করে এবং এ সময় তিনি সংঘর্ষে নিহত হন।
জম্মু-কাশ্মিরের কংগ্রেস সভাপতি গুলাম আহমদ মীর অবশ্য ওই ঘটনাকে হেফাজতে হত্যা বলে অভিযোগ করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। সাজ্জাদ মালিককে তিনি বিশ্বস্ত কংগ্রেস কর্মী বলে অভিহিত করেছেন।
গুলাম আহমদ মীর বলেন, কয়েক মাস আগে পাথর ছোঁড়া এবং সহিংসতায় উসকানি দেয়ার মামলা চাপিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। আদালত থেকে তাকে জামিনও দেয়া হয়েছিল। কিন্তু তাকে মুক্তি দেয়া হয়নি। এবার পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২