ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে দেশদ্রোহ মামলার দাবি কাশ্মিরি পণ্ডিতদের
-
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের চেয়ারম্যান ফারুক আব্দুল্লাহ ও রাজ্যের মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের চেয়ারম্যান ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করতে হবে বলে দাবি তুলেছে কাশ্মিরি পণ্ডিতরা। আজ (বুধবার) এ ব্যাপারে কথিত দেশ বিরোধী মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জম্মুতে পণ্ডিতদের বিভিন্ন সংগঠন বিক্ষোভ প্রদর্শন করেছে।
সর্বদলীয় অভিবাসী সমন্বয় কমিটির সভাপতি বিনোদ পন্ডিতের নেতৃত্বে বিক্ষোভকারীদের দাবি, জাতীয়তা বিরোধী মন্তব্য করা তার অভ্যাসে পরিণত হয়েছে। সর্বদলীয় অভিবাসী সমন্বয় কমিটির জাতীয় মুখপাত্র কিঙ্গ ভারতী ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুকের বিরুদ্ধে মামলা করতে হবে বলে দাবি তুলেছেন।
ফারুক আব্দুল্লাহ সম্প্রতি হুররিয়াত কনফারেন্সের পাশে থাকার কথা বলায় এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
ফারুক আব্দুল্লাহর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি। ন্যাশনাল কনফারেন্স উপত্যাকার পরিবেশ উত্তপ্ত রেখে ক্ষমতার জন্য যেকোনো স্তরে যেতে পারে বলে মেহেবুবা মন্তব্য করেছেন।
ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ মুহাম্মদ আব্দুল্লাহর ১১১ তম মৃত্যু বার্ষিকীতে সোমবার এক অনুষ্ঠানে ফারুক আবদুল্লাহ বলেন, তার দল হুররিয়াত কনফারেন্সের বিরোধী নয়। কাশ্মিরি মানুষদের অধিকার এবং আজাদির দাবিকে তারা সমর্থন করে।
হুররিয়াত নেতাদের উদ্দেশ্যে ফারুক বলেন, ‘আমরা যতক্ষণ ঐক্যবদ্ধ না হবো ততক্ষণ আজাদ হতে পারবো না। আমি ন্যাশনাল কনফারেন্সের কর্মীদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা যেন ওই আন্দোলন থেকে পৃথক না হয়।’
ফারুক দলীয় কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, ‘আগুনের এই শিখা কখনো বন্ধ হবে না। ওরা (নয়া দিল্লি) আপনাদের কখনো কিছুই দেবে না। আপনাদের নিজেদের ওই আন্দোলনকে অব্যাহত রাখতে হবে। আমরা এই আন্দোলনের জন্য সমগ্র জীবন উৎসর্গ করেছি।’
হুররিয়াত নেতাদের উদ্দেশ্যে ফারুক আবদুল্লাহ বলেন, ‘আমরা এই আন্দোলনের অংশ। আমাদেরকে বিরোধী বলে ভাববেন না। আমরা আপনাদেরই একটি অংশ। আমরা সংগ্রামী । ঐক্যবদ্ধ থাকুন এবং এই আন্দোলনকে এগিয়ে নিয়ে চলুন। আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের সঙ্গে আছি।’
ফারুক অবশ্য বলেন, ‘আমি এই পবিত্রস্থান থেকে বলছি, আপনারা যতক্ষণ সঠিক পথে চলবেন ততক্ষণ আমরা সঙ্গে থাকব। কেবলমাত্র আপনারাই (হুররিয়াত)এই রাজ্যকে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারেন।’
পরে ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যারা উপত্যাকার লোকেদের যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবং জম্মু-কাশ্মিরের রাজনৈতিক অস্থিরতা দূর করতে পারবে আমাদের দল তাদের সমর্থন দিতে তৈরি।
ফারুক আবদুল্লাহ গত নভেম্বরে চেনাব উপত্যাকায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘পাক অধিকৃত কাশ্মির এখন রয়েছে পাকিস্তানের অধিকারে। এটা ভারতের কোনো বাবার সম্পত্তি নয় যে, তা নিয়ে ভারত বার বার দাবি জানিয়ে যাবে। ভারত যেন ভাবে না যে, পাক অধিকৃত কাশ্মির পূর্বপুরুষরা ভারতকেই দিয়ে গেছে।’
তার দাবি, ভারত সরকারের এমন হিম্মত নেই, যে তারা পাক অধিকৃত কাশ্মির পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে আনতে পারে। আবার পাকিস্তানও পারবে না ভারতের কাছ থেকে কাশ্মিরকে কেড়ে নিতে। মাঝে পড়ে পেষিত হচ্ছে কাশ্মিরের নির্দোষ মানুষ। ফারুকের ওই মন্তব্যকে কেন্দ্র করেও সে সময় বিতর্ক সৃষ্টি হয়।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/৭