জনতার হাত থেকে বাঁচতে মোদি নোট বাতিলের পেছনে লুকিয়েছেন: রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i30646-জনতার_হাত_থেকে_বাঁচতে_মোদি_নোট_বাতিলের_পেছনে_লুকিয়েছেন_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, ‘সমস্ত প্রকল্প ব্যর্থ হওয়ায় মোদিজি এখন জনতার হাত থেকে বাঁচতে নোট বাতিলের পেছনে লুকিয়েছেন।’
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১১, ২০১৭ ১৫:২৭ Asia/Dhaka
  • কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী
    কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, ‘সমস্ত প্রকল্প ব্যর্থ হওয়ায় মোদিজি এখন জনতার হাত থেকে বাঁচতে নোট বাতিলের পেছনে লুকিয়েছেন।’

আজ (বুধবার) দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ‘জনবেদনা সম্মেলন’-এ বক্তৃতাকালে তিনি ওই মন্তব্য করেন। রাহুল গান্ধী বলেন, ‘নোট বাতিল একটি বাহানা মাত্র। মোদিজি বুঝতে পেরেছেন যোগ ব্যায়াম, স্কিল ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়ার পেছনে লুকোনো যাবে না। সব প্রকল্প ব্যর্থ হওয়ায় তিনি এখন জনতার হাত থেকে বাঁচতে নোট বাতিলের পেছনে লুকিয়েছেন।’

রাহুল বলেন, ‘নোট বাতিলের ফলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে। অটোমোবাইল সেক্টর ১৬ বছরের পূর্বের অবস্থায় চলে গেছে। দেশে বেকারত্ব বেড়ে গেছে। মানুষ শহর থেকে গ্রামে পালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী কোনো চিন্তা-ভাবনা না করেই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।’

প্রধানমন্ত্রীর পাশাপাশি আরএসএস প্রধান মোহন ভাগবতকেও টার্গেট করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘আমাদের সময়ে (কংগ্রেস শাসনামলে) আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহকে সম্মান জানিয়েছি। কিন্তু মোদি এবং আরএসএস এসব প্রতিষ্ঠানকে সম্মান করা ছেড়ে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদি ভাবছেন এই দেশ কেবল তিনি এবং মোহন ভাগবতজি চালাবেন।’

প্রধানমন্ত্রী ‘বিচারব্যবস্থা থেকে শুরু করে রিজার্ভ ব্যাংকসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করে দিয়েছেন’ বলেও রাহুল মন্তব্য করেন।   

বক্তব্য রাখছেন রাহুল গান্ধী

প্রধানমন্ত্রীর বেশকিছু প্রকল্প নিয়েও কটাক্ষ করেন তিনি। ‘স্বচ্ছ ভারত’ অভিযান সম্পর্কে রাহুল বলেন, ‘ আড়াই বছর আগে মোদিজি বললেন, ভারতকে স্বচ্ছ করবেন। এজন্য তিনি সকলের হাতে ঝাটা ধরিয়ে নিজেও ঝাটা হাতে তুলে নিলেন। কিন্তু গোটা ব্যাপারটাই ছিল একটা ফ্যাশন। ৩/৪ দিন চলার পরে সব ভুলে যাওয়া হল।’

রাহুল আজ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর এটা বলা অভ্যাসে পরিণত হয়েছে যে কংগ্রেস ৭০ বছরে দেশের জন্য কী করেছে? আমাদের ৭০ বছরের হিসাব দেয়ার প্রয়োজন নেই। দেশের মানুষ জানে আমরা কী করেছি। কংগ্রেস দেশের জন্য কুরবানি দিয়েছে। দেশবাসী জানে কীভাবে আমরা দেশের জন্য রক্ত দিয়েছি এবং চোখের পানি ফেলেছি। আমরা ভারতের আত্মাকে বাঁচিয়ে রাখব। বিজেপির কত জন নেতা আত্মত্যাগ করেছেন?’

জনবেদনা সম্মেলনে আজ রাহুল গান্ধীর পাশপাশি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, গুলাম নবী আজাদ, মল্লিকার্জুন খাড়্গে-সহ কংগ্রেসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১১