বিরাট–কেদারের সেঞ্চুরি: ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দুরন্ত জয়
https://parstoday.ir/bn/news/india-i31066-বিরাট_কেদারের_সেঞ্চুরি_ইংল্যান্ডের_বিপক্ষে_ভারতের_দুরন্ত_জয়
অধিনায়ক বিরাট কোহলি ও নবাগত কেদার যাদবের সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জিতেছে ভারত।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ১৫, ২০১৭ ২০:২৭ Asia/Dhaka
  • বিরাট কোহলি ও কেদার যাদব
    বিরাট কোহলি ও কেদার যাদব

অধিনায়ক বিরাট কোহলি ও নবাগত কেদার যাদবের সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জিতেছে ভারত।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের নতুন দলপতি বিরাট কোহলি। রুট, জেসন, স্টোকসের দাপুটে ব্যাটিংয়ের ওপর ভর করে ৩৫১ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় সফরকারীরা। জবাবে বিরাট কোহলি-কেদার যাদবের সেঞ্চুরি আর হার্দিক পান্ডের দুর্দান্ত ইনিংসের সুবাদে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে টিম ইন্ডিয়া।

বিশাল লক্ষ্য নিয়ে খেলতে নেমে দলীয় ২৪ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপের মুখেই পড়ে যায় ভারত। শিখর ধাওয়ান ১ ও লোকেশ রাহুল ৮ রানে বিদায় নেয়ার পর চার নম্বরে পাঠানো হয়েছিল অনেকদিন পর দলে ফেরা যুবরাজ সিংকে। কিন্তু তিনি ফিরে যান মাত্র ১৫ রানে। ধোনি এসেছিলেন পাঁচ নম্বরে। তিনি করেন মাত্র ৬ রান।

৬৩ রানে ৪ উইকেট হারিয়ে ভারত যখন কোণঠাসা তখনই ঘুরে দাঁড়ান বিরাট কোহলি ও কেদার যাদব জুটি। পঞ্চম উইকেটের জুটিতে ওঠে ২০০ রান।

সেঞ্চরি উদযাপন করছেন বিরাট কোহলি

৯৩ বল মোকাবেলায় ৭টি চার ও ৪টি ছক্কায় ক্যারিয়ারের ২৭তম ওয়ানডে শতক উদযাপন করেন কোহলি। বিদায় নেয়ার আগে তার ব্যাট থেকে আসে ১২২ রান। তার ১০৫ বলের ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি আর ৫টি ওভার বাউন্ডারিতে।

অন্যদিকে, ৭৬ বল মোকাবেলায় ১২টি চার ও ৪টি ছক্কায় ১২০ রান করেন যাদব। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় শতক।

শেষ দিকে ৩৭ বলে তিনটি চার আর একটি ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডে। জাদেজা ফেরেন ১৩ রান করে। আর ছক্কা হাঁকিয়ে জয় তুলে নেয়া অশ্বিন ১৫ রানে অপরাজিত থাকেন।

ইংলিশদের হয়ে তিনটি উইকেট পান জেক বল। দুটি করে উইকেট দখল করেন উইলি, স্টোকস।

এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় ইংলিশরা। জাসপ্রিত বুমরার সরাসরি থ্রোতে রানআউটের শিকার হন অ্যালেক্স হেলস (৯)। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৯ রান যোগ করেন জেসন রয় ও জো রুট। ৭৩ রানের ইনিংস উপহার দেন রয়। সর্বোচ্চ ৭৮ রান করেন ইংলিশদের ব্যাটিং স্তম্ভ রুট। অধিনায়ক ইয়ন মরগান ২৮ ও জস বাটলার ৩১ রান করে ফেরেন। এছাড়া, বেন স্টোকসের ৪০ বলে ৬২ এবং মঈন আলীর ১৭ বলে ২৮ রান দলীয় স্কোর সাড়ে তিনশ’র ঘরে পৌঁছাতে কার্যকরী ভূমিকা রাখেন।

ভারতের হয়ে দু’টি করে উইকেট লাভ করেন হার্দিক পান্ডে ও জাসপ্রিত বুমরাহ। একটি করে নেন উমেশ যাদব ও রবিন্দ্র জাদেজা।

৭৬ বলে ১২০ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন কেদার যাদব।#


পার্সটুডে/এআর/১৫