কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ গেরিলা নিহত
https://parstoday.ir/bn/news/india-i31096-কাশ্মিরে_নিরাপত্তা_বাহিনীর_সঙ্গে_সংঘর্ষে_৩_গেরিলা_নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন গেরিলা নিহত হয়েছে। গতকাল (রোববার) সন্ধ্যা থেকে গেরিলাদের সঙ্গে দীর্ঘ ১৪ ঘণ্টা সংঘর্ষ শেষে আজ (সোমবার) সকালে নিরাপত্তা বাহিনীর অভিযান শেষ হয়। নিহত গেরিলাদের কাছ থেকে তিনটি এ কে-৪৭ রাইফেল উদ্ধার হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১৬, ২০১৭ ০৮:০০ Asia/Dhaka
  • কাশ্মিরে মোতায়েন নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য
    কাশ্মিরে মোতায়েন নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন গেরিলা নিহত হয়েছে। গতকাল (রোববার) সন্ধ্যা থেকে গেরিলাদের সঙ্গে দীর্ঘ ১৪ ঘণ্টা সংঘর্ষ শেষে আজ (সোমবার) সকালে নিরাপত্তা বাহিনীর অভিযান শেষ হয়। নিহত গেরিলাদের কাছ থেকে তিনটি এ কে-৪৭ রাইফেল উদ্ধার হয়েছে।

গণমাধ্যম সূত্রে প্রকাশ, দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলার পহেলগামে গেরিলাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মধ্যে সংঘর্ষ শুরু হলে ওই তিন গেরিলা নিহত হয়। নিহতরা হিজবুল মুজাহিদীন গোষ্ঠীর সদস্য বলে দাবি করা হচ্ছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, পহেলগাম এলাকার আবুরা গ্রামে গেরিলারা লুকিয়ে রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে নিরাপত্তা বাহিনী এবং রাজ্য পুলিশের বিশেষ অপারেশনস গ্রুপ যৌথভাবে অভিযান শুরু করে। তল্লাশি অভিযান চালানোর সময় গেরিলারা গুলি চালালে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়া হয় এবং উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

একটি সূত্রে প্রকাশ, নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান শুরু করলে তারা স্থানীয় বাসিন্দাদের বাঁধার মুখে পড়েন। এ সময় বাসিন্দারা সড়কে নেমে এসে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে কমপক্ষে ৫ জন আহত হয়। অবশেষে পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়। #

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬