কাশ্মিরে বিক্ষোভ ঠেকাতে অদ্ভুত পরামর্শ বিজেপি এমপির, মুসলিম নেতাদের ক্ষোভ
https://parstoday.ir/bn/news/india-i36472-কাশ্মিরে_বিক্ষোভ_ঠেকাতে_অদ্ভুত_পরামর্শ_বিজেপি_এমপির_মুসলিম_নেতাদের_ক্ষোভ
ভারতের ক্ষমতাসীন বিজেপি’র সিনিয়র এমপি সুব্রমনিয়াম স্বামী কাশ্মিরে চলমান বিক্ষোভ ঠেকাতে অদ্ভুত পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার তিনি বলেছেন, অশান্ত কাশ্মির উপত্যাকায় জনসংখ্যা কমানো প্রয়োজন এবং কাশ্মিরদের তামিলনাড়ুর শরণার্থী শিবিরে পাঠানো উচিত।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ১৯, ২০১৭ ১০:০৩ Asia/Dhaka
  • বিজেপি’র সিনিয়র নেতা সুব্রমনিয়াম স্বামী
    বিজেপি’র সিনিয়র নেতা সুব্রমনিয়াম স্বামী

ভারতের ক্ষমতাসীন বিজেপি’র সিনিয়র এমপি সুব্রমনিয়াম স্বামী কাশ্মিরে চলমান বিক্ষোভ ঠেকাতে অদ্ভুত পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার তিনি বলেছেন, অশান্ত কাশ্মির উপত্যাকায় জনসংখ্যা কমানো প্রয়োজন এবং কাশ্মিরদের তামিলনাড়ুর শরণার্থী শিবিরে পাঠানো উচিত।

তার দাবি, উপত্যাকায় জনসংখ্যা কমানো উচিত যেরকম কাশ্মিরে হিন্দুদের সঙ্গে করা হয়েছে। কয়েক বছর পর্যন্ত তাদের তামিলনাড়ুর শরণার্থী শিবিরে রাখা প্রয়োজন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় স্বামী এ ধরণের দাবি করলেও কেন তাদের তামিলনাড়ুর শরণার্থী শিবিরে রাখতে হবে তার বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

কাশ্মিরে সাম্প্রতিক উপনির্বাচনের বিরোধিতা করে সেখানে ব্যাপক সহিংসতা হয় এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮ বিক্ষোভকারী নিহত হন। পরবর্তীতে ছাত্র আন্দোলনে ছাত্র ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে শিক্ষার্থীরা আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার জেরে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সেখানকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। এমনকি ইন্টারনেট পরিষেবাতেও বিধিনিষেধ আরোপ করতে হয়।

হুররিয়াত কনফারেন্সের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানির অভিযোগ, কাশ্মিরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করা হয়েছে এবং তাদের তরুণরা রাষ্ট্রীয় সন্ত্রাসের নিকৃষ্ট শিকার হচ্ছেন।

এসব ঘটনার পরেই সুব্রমনিয়াম স্বামীর ওই আজব পরামর্শ প্রকাশ্যে এল।

হুররিয়াত কনফারেন্সের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি

ওই মন্তব্য প্রসঙ্গে জামায়াতে ইসলামী জম্মু-কাশ্মিরের পক্ষ থেকে 'স্বামীর মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে' বলে কটাক্ষ করা হয়েছে। তাকে কোনো মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠানো উচিত বলেও এক বিবৃতিতে বলা হয়েছে।

কাশ্মিরের আওয়ামী ইত্তেহাদ পার্টির (এআইপি) প্রধান ও বিধায়ক ইঞ্জিনিয়ার শেখ আব্দুল রশিদ স্বামীর টুইটার বার্তাকে 'অজ্ঞতাপূর্ণ ও বোকামি' বলে অভিহিত করেছেন। তার ওই বিবৃতিকে 'মানসিক দেউলিয়াপনা' বলেও রশিদ মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৯