কাশ্মিরে গো-রক্ষকদের তাণ্ডব: শিশুসহ আহত ৫, দুর্বৃত্তরা অধরা
জম্মু-কাশ্মিরে গো-রক্ষকদের তাণ্ডবে এক শিশুসহ একই পরিবারের পাঁচ জন আহত হয়েছেন। আজ (শনিবার) গণমাধ্যমে প্রকাশ, রাশি জেলার তলোয়ার এলাকায় গবাদিপশু চরাতে গিয়ে তারা আক্রান্ত হন।
দুর্বৃত্তরা তাদের কাছে থাকা গরু, ছাগল, ভেড়া ইত্যাদি ছিনিয়ে নিয়ে গেছে। গোরক্ষকদের হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শাম্মি নামে ৯ বছরের একটি মেয়ে রয়েছে।
পুলিশ বলছে, ওই ঘটনায় এফআইআর দায়ের এবং ৫ হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। উধমপুরের ডিআইজিকে সংশ্লিষ্ট এলাকায় পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের পুলিশ প্রধান এস পি বেদ।
আক্রান্ত ওই পরিবারটি বলছে, ভয়াবহ ওই ঘটনার কথা তারা কখনো ভুলতে পারবে না। আক্রান্ত নাসিমা বেগম বলেন, ‘ওরা আমাদের নির্মমভাবে মারধর করেছে। আমি কোনোমতে পালিয়ে আসতে সমর্থ হলেও আমাদের ১০ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। জানি না সে জীবিত আছে, না নিহত হয়েছে। ওরা আমাদের বয়স্কদেরও নির্দয়ভাবে পিটিয়েছে। আমাদের হত্যা করে তারা লাশ নদীতে ফেলে দিতে চেয়েছিল।’
তিনি বলেন, ভেড়া এবং ছাগল ছাড়াও তাদের কাছে ১৬ টি গরু ছিল।
কাশ্মিরে কিছু যাযাবর পরিবার আছে যারা প্রত্যেক বছর গবাদিপশুসহ জম্মুর হিমালয় পর্বতমালা এলাকা থেকে কাশ্মিরের সমতলভূমিতে আসেন।
কিছুদিন আগে রাজস্থানের আলওয়ারে গো-রক্ষকদের হামলায় পহেলু খান নামে এক মুসলিম ব্যক্তি নিহত এবং তার সঙ্গীরা আহত হন। ওই ঘটনা নিয়ে দেশজুড়ে নিন্দা এবং প্রতিবাদের ঝড় না থামতেই ফের স্বঘোষিত গো-রক্ষকদের নৃশংসতায় কাশ্মিরি এক পরিবার আক্রান্ত হলেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২২