জম্মু-কাশ্মিরে সেনাক্যাম্পে হামলা: মেজরসহ ৩ সেনা ও ২ গেরিলা নিহত
https://parstoday.ir/bn/news/india-i36904-জম্মু_কাশ্মিরে_সেনাক্যাম্পে_হামলা_মেজরসহ_৩_সেনা_ও_২_গেরিলা_নিহত
জম্মু-কাশ্মিরের কুপওয়াড়ায় সেনাবাহিনীর একটি ক্যাম্পে গেরিলা হামলায় দুই কর্মকর্তাসহ তিন সেনা ও দুই গেরিলা নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার) ভোর ৪টায় সেনাবাহিনীর ক্যাম্পে হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২৭, ২০১৭ ০৫:৫৯ Asia/Dhaka
  • নিহত সেনাদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা (ফাইল ফটো)
    নিহত সেনাদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা (ফাইল ফটো)

জম্মু-কাশ্মিরের কুপওয়াড়ায় সেনাবাহিনীর একটি ক্যাম্পে গেরিলা হামলায় দুই কর্মকর্তাসহ তিন সেনা ও দুই গেরিলা নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার) ভোর ৪টায় সেনাবাহিনীর ক্যাম্পে হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে।  

সেনাবাহিনী সূত্রে বলা হচ্ছে, সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর এক মেজর, এক জেসিও ও এক জওয়ানসহ মোট তিনজন নিহত হয়েছে। সেনা ও গেরিলাদের মধ্যে এখনো গোলাগুলি চলছে। সেনাবাহিনীর পাল্টা গুলিতে দুই গেরিলা নিহত হয়েছে। হামলাকারীরা সংখ্যায় কতজন ছিল সেনাবাহিনীর পক্ষ থেকে সে সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। দুই গেরিলা এখনো সেনাশিবিরে লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে।

সেনাবাহিনীর যে শিবিরে আজ গেরিলারা হামলা চালায় সেটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। গণমাধ্যমের একটি সূত্রে প্রকাশ, ওই হামলায় সেনাবাহিনীর ৩ জওয়ান আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে গেরিলাদের সন্ধানে ব্যাপক চিরুনি তল্লাশি চালাচ্ছে। 

এদিকে, ওই ঘটনার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ বেলা ১১টায় উচ্চস্তরীয় বৈঠক ডাকা হয়েছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ছাড়াও, স্বরাষ্ট্রসচিব, যুগ্মসচিব জম্মু-কাশ্মির, জম্মু-কাশ্মিরের মুখ্যসচিব, গোয়েন্দা বিভাগের কর্মকর্তা এবং অন্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বৈঠকে কাশ্মিরে একনাগাড়ে নিরাপত্তা বাহিনীর ওপরে হামলা এবং পাথর ছোঁড়ার ঘটনা নিয়ে আলোচনা হবে।  

কাশ্মিরে সম্প্রতি গেরিলা হামলার পাশাপাশি সেখানকার আন্দোলনকারীদের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৬