জম্মু-কাশ্মিরে আরএসএসের ইশারায় কাজ করছে পিডিপি: ফারুক আবদুল্লাহ
https://parstoday.ir/bn/news/india-i36976-জম্মু_কাশ্মিরে_আরএসএসের_ইশারায়_কাজ_করছে_পিডিপি_ফারুক_আবদুল্লাহ
জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের চেয়ারম্যান ডা. ফারুক আবদুল্লাহ বলেছেন, ‘জম্মু-কাশ্মিরে আরএসএসের ইঙ্গিতে কাজ করছে পিডিপি।’ তার অভিযোগ, পিডিপি কাশ্মিরিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৮, ২০১৭ ১০:২৫ Asia/Dhaka
  • ন্যাশনাল কনফারেন্সের চেয়ারম্যান ডা. ফারুক আবদুল্লাহ
    ন্যাশনাল কনফারেন্সের চেয়ারম্যান ডা. ফারুক আবদুল্লাহ

জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের চেয়ারম্যান ডা. ফারুক আবদুল্লাহ বলেছেন, ‘জম্মু-কাশ্মিরে আরএসএসের ইঙ্গিতে কাজ করছে পিডিপি।’ তার অভিযোগ, পিডিপি কাশ্মিরিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।  

বৃহস্পতিবার ফারুক আবদুল্লাহ বলেন, ‘পিডিপি গোটা কাশ্মিরকে যুদ্ধের ময়দানে পরিণত করেছে যেখানে নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষকে হয়রানি করছে। আমার কাছে প্রত্যেকদিন লোকেরা অভিযোগ করছে, নিরাপত্তা বাহিনী অনর্থক তাদের উৎপীড়ন করছে। শিশু এবং বয়স্কদের পেটানো হচ্ছে। তাদেরকে আটক করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর এসব পদক্ষেপে কাশ্মিরে পরিস্থিতি উন্নতি হওয়ার পরিবর্তে কাশ্মিরকে বিপর্যয়ের পথে নিয়ে যাবে।’    

ফারুক বলেন, ‘নির্বাচনের আগে নিজেদের কাশ্মিরবাসী এবং সন্ত্রাসীদের প্রতি সবচেয়ে বড় সহানুভূতি সম্পন্ন বলে অভিহিত করে পিডিপি এখন ক্ষমতা পাওয়ার পরে গিরগিটির মতো রং পরিবর্তন করেছে। বিরোধী দলে থাকার সময় বিচ্ছিন্নতাবাদীর সমর্থনকারী পিডিপি এখন হুররিয়াত নেতাদের ছাড়াও সাধারণ মানুষকেও  আরএসএসের ইঙ্গিতে গৃহবন্দি করা শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি নিজের চেয়ার বাঁচানোর জন্য এবার নাগপুরের (আরএসএসের সদর দফতর) সামনে নতিস্বীকার করেছেন।’

পিডিপি-বিজেপি জোট সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা শেষ করার দিকে ঝুঁকেছে। মেহবুবা মুফতি আরএসএসের এজেন্ট হিসেবে কাজ করছেন বলেও ফারুক আবদুল্লাহ মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৮