কাশ্মির সমস্যার সমাধান না হলে পারমাণবিক যুদ্ধ হতে পারে: মুখতার আহমদ
https://parstoday.ir/bn/news/india-i37352-কাশ্মির_সমস্যার_সমাধান_না_হলে_পারমাণবিক_যুদ্ধ_হতে_পারে_মুখতার_আহমদ
হুররিয়াত কনফারেন্স নেতা ও জম্মু-কাশ্মির পিপলস লীগের চেয়ারম্যান মুখতার আহমদ ওয়াজা বলেছেন, কাশ্মির সমস্যা দ্রুত সমাধান না হলে পারমাণবিক যুদ্ধও হতে পারে। গোটা উপমহাদেশ বিধ্বংসী যুদ্ধের মুখোমুখি হওয়ার আগেই কাশ্মির সমস্যা সমাধান হওয়া প্রয়োজন। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ০৫, ২০১৭ ০৭:০৪ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মির পিপলস লীগের চেয়ারম্যান মুখতার আহমদ ওয়াজা
    জম্মু-কাশ্মির পিপলস লীগের চেয়ারম্যান মুখতার আহমদ ওয়াজা

হুররিয়াত কনফারেন্স নেতা ও জম্মু-কাশ্মির পিপলস লীগের চেয়ারম্যান মুখতার আহমদ ওয়াজা বলেছেন, কাশ্মির সমস্যা দ্রুত সমাধান না হলে পারমাণবিক যুদ্ধও হতে পারে। গোটা উপমহাদেশ বিধ্বংসী যুদ্ধের মুখোমুখি হওয়ার আগেই কাশ্মির সমস্যা সমাধান হওয়া প্রয়োজন। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।

মুখতার আহমদ বলেন, ‘১৯৪৭ সাল থেকে ভারত কাশ্মিরকে বেআইনিভাবে দখল করে আছে। কিন্তু ইতিহাস সাক্ষী কাশ্মিরি জনতা কখনো ভারতের অস্তিত্বকে স্বীকার করেনি। এখন সময় এসেছে, ভারত সরকার এবং তার সহযোগী দলকে কাশ্মির পরিস্থিতি বিবেচনা করে এর সমাধান খোঁজার জন্য পদক্ষেপ নেয়ার। শক্তি প্রয়োগ করে মানুষের অধিকারকে গুঁড়িয়ে দেয়ার চেষ্টা করা উচিত নয়।’

তিনি বলেন, ‘কাশ্মির সমস্যা সমাধান তখনই হতে পারে যখন ভারত-পাকিস্তান এবং কাশ্মিরি জনতা সংলাপের জন্য এক টেবিলে বসবে এবং এজন্য বিশেষ এক উন্নত পরিবেশ থাকা প্রয়োজন।’

কাশ্মির ইস্যু সমাধানের ওপরেই গোটা উপমহাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আসতে পারে বলে তিনি মন্তব্য করেন।

কাশ্মিরে চলমান ছাত্র-ছাত্রী বিক্ষোভ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, যুব সম্প্রদায় স্বেচ্ছায় সড়কে নেমে এসেছে, তাদেরকে কেউ উসকানি দিচ্ছে না।

মুখতার আহমদ বলেন, ‘যারা কাশ্মিরের ‘আজাদি’র জন্য জীবন দিয়েছে তাদের কাছে আমরা ঋণী। তাদের মিশন পূর্ণ করার জন্য আমরা উদ্যম এবং সততার সঙ্গে যুক্ত হয়েছি।’

তিনি বলেন, ‘যে ভারতীয় প্রধানমন্ত্রীই কাশ্মির ইস্যু সমাধান করবেন তাকে  কাশ্মিরবাসী সবসময় মনে রাখবে।’

‘ভারত যদি সত্যিই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হয় তাহলে কাশ্মিরিদের দাবি মেনে নিয়ে তার প্রমাণ দেয়া উচিত’ বলেও জম্মু-কাশ্মির পিপলস লীগের চেয়ারম্যান  মুখতার আহমদ ওয়াজা মন্তব্য করেন।

ভারত অবশ্য বরাবরই কাশ্মিরকে দেশের এক ও অভিন্ন অংশ বলে মনে করা থাকে। বিশ্বের কোনো শক্তিই কাশ্মিরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারবে না বলেও ভারতীয় নেতৃবৃন্দ অত্যন্ত জোরের সঙ্গে বলে থাকেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৫