কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে কাশ্মির: মোদির সঙ্গে বৈঠকের পর মেহবুবা
-
নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করছেন মেহবুবা মুফতি
জম্মু-কাশ্মির কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি আজ (শুক্রবার) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে ওই মন্তব্য করেন।
জম্মু-কাশ্মিরে সংবিধানের ৩৫-এ ধারা ও ৩৭০ ধারা নিয়ে তীব্র বিতর্কের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বৈঠক তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।
সম্প্রতি জম্মু-কাশ্মির থেকে ৩৫-এ এবং ৩৭০ ধারা তুলে দেয়ার দাবি ওঠায় সেখানে বিজেপিবিরোধী সমস্ত রাজনৈতিক দল এবং হুররিয়াত নেতাদের পক্ষ থেকেও তীব্র বিরোধিতা করা হয়েছে।
পিডিপি-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী মেহবুবা আজ বলেন, ‘আমাদের জোটের এজেন্ডায় সিদ্ধান্ত ছিল যে ৩৭০ ধারা অনুসারে রাজ্যের বিশেষ মর্যাদায় কোনো পরিবর্তন করা হবে না। প্রধানমন্ত্রীও ওই ইস্যুতে একমত পোষণ করেছেন।’
৩৫-এ ধারা ইস্যুতে তিনি বলেন, ‘রাজ্যের পরিস্থিতির উন্নতি হচ্ছে সেজন্য বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩৫-এ ধারা অপসারণ করা হলে রাজ্যে নেতিবাচক বার্তা যাবে এরফলে রাজ্যের উপরে খুব প্রভাব পড়বে।’
তিনি বলেন, ‘আমাদের রাজ্যের অনেক বৈচিত্র্য রয়েছে। গত বছর রাজ্যের পরিস্থতি খুব খারাপ হয়েছিল। এবার ৩৫-এ ধারা নিয়ে ফের আলোচনা শুরু হওয়ায় মানুষজন উদ্বিগ্ন হয়ে পড়ছেন।’
মেহবুবা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলেছি, কাশ্মির কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষজনকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।’
তিনি বলেন, ‘জম্মু-কাশ্মির মুসলিম অধ্যুষিত রাজ্য হওয়ার সুবাদে তার বিশেষ মর্যাদা পাওয়া উচিত।’
২০১৪ সালে একটি বেসরকারি সংস্থা জম্মু-কাশ্মির থেকে ৩৫-এ ধারা তুলে দেয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন জমা দেয়। জম্মু-কাশ্মির সরকার পাল্টা হলফনামা জমা দিয়ে ওই আবেদন নাকচ করার দাবি জানালেও কেন্দ্রীয় সরকার কোনো পক্ষ নেয়নি।
৩৫-এ ধারা বলে রাজ্য সরকার ঠিক করে, কারা সেখানকার স্থায়ী নাগরিক। তারা বাড়তি সুবিধে পান।
মেহবুবা গতকাল (বৃহস্পতিবার) একই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করেন।
মেহবুবার মতে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ওই রিট পিটিশনের সম্পূর্ণ বিরোধিতা করা উচিত। রাজনাথ অবশ্য এ নিয়ে মেহবুবাকে বিশেষ আশ্বস্ত করতে পারেননি। স্পর্শকাতর বিষয়ে সরকারকে ভালো করে চিন্তা-ভাবনা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি জানিয়েছেন।
ভারতের ক্ষমতাসীন বিজেপি ৩৭০ ধারা এবং ৩৫-এ ধারা বিলোপের পক্ষে।
জম্মু-কাশ্মিরের বিজেপি মুখপাত্র বীরেন্দ্র গুপ্ত সম্প্রতি বলেন, ‘সংবিধানের ৩৫-এ এবং ৩৭০ ধারা কোনো ‘পবিত্র গাভী’ নয় যে তাতে হাত দেয়া যাবে না। এই দুটি ধারার চেয়ে সন্ত্রাসবাদ ও মৌলবাদের চ্যালেঞ্জ অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
এদিকে, কাশ্মিরের যৌথ প্রতিরোধ নেতৃত্বের পক্ষ থেকে ৩৫-এ ধারা বাতিলের প্রস্তাবের বিরোধিতা করতে আগামী ১২ আগস্ট কাশ্মির বনধের ডাক দেয়া হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১১