কাশ্মিরে প্রশাসনিক নিষেধাজ্ঞা আরোপ: সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ
কাশ্মির উপত্যাকায় আজ বিভিন্ন এলাকায় প্রশাসনিক বিধি-নিষেধ আরোপসহ স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
গতকাল (রোববার) দু’জন বিক্ষোভকারী নিহত হওয়ার পর আজ (সোমবার) শ্রীনগরের রায়নাওয়াড়ি, খানইয়ার, নৌহাট্টা, এম আর গঞ্জ এবং সাফাকদল থানা এলাকায় ১৪৪ ধারা জারি করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্য একটি সূত্রে প্রকাশ, মাইসুমা, ক্রালখুদ এবং রামমুন্সি বাগ থানা এলাকাতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কাশ্মিরে গতকাল রোববার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ গেরিলা ও দু’জন বেসামরিক প্রতিবাদী জনতা নিহত হওয়ার পর থেকে সেখানে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে।
আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া শ্রীনগর থেকে অনন্তনাগ-কাজিগান্দ ও বানিহালের মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কারণে শ্রীনগর-বাডগাম ও বারামুল্লায় রেল চলাচল বাতিল করা হয়েছে।
এদিকে, গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হিজবুল মুজাহিদীনের অপারেশনাল কমান্ডার ইয়াসীন ওরফে মেহমুদ গাজনভির জানাজায় আজ কয়েক হাজার জনতা উপস্থিত ছিলেন। চাদুরাতে আজ কমপক্ষে ২০ হাজার মানুষের উপস্থিতে ৩/৪ দফায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষুব্ধ মানুষজন ভারত- বিরোধী স্লোগানসহ আজাদির দাবিতে কার্যত উত্তাল হয়ে ওঠেন।
অন্যদিকে, আজ দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার কাকাপোরা এলাকায় প্রতিবাদী জনতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এদিন শতাধিক বেসামরিক মানুষজন সড়কে নেমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে ভারত-বিরোধী স্লোগান দিনে তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৪