কাশ্মিরে গেরিলা কমান্ডার নিহত হওয়ার প্রতিবাদে বনধ পালিত
https://parstoday.ir/bn/news/india-i44310-কাশ্মিরে_গেরিলা_কমান্ডার_নিহত_হওয়ার_প্রতিবাদে_বনধ_পালিত
কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই তাইয়্যেবা কমান্ডার আয়ুব লেলহারি নিহত হওয়ার প্রতিবাদে আজ বিভিন্ন স্থানে বনধ পালিত হয়েছে।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৭, ২০১৭ ০৯:০২ Asia/Dhaka
  • লস্কর-ই তাইয়্যেবা কমান্ডার আয়ুব লেলহারি
    লস্কর-ই তাইয়্যেবা কমান্ডার আয়ুব লেলহারি

কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই তাইয়্যেবা কমান্ডার আয়ুব লেলহারি নিহত হওয়ার প্রতিবাদে আজ বিভিন্ন স্থানে বনধ পালিত হয়েছে।  

আজ (বৃহস্পতিবার) দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা, কাকাপোরা এবং পামপোর এলাকায় বনধের ফলে সেখানকার সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ সড়কে মানুষজনের যাতায়াত বন্ধ রয়েছে।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গতকাল সন্ধ্যায় বান্দেরপোরা এলাকায় নিহত হন লস্কর-ই তাইয়্যেবার জেলা কমান্ডার আয়ুব লেলহারি।

জম্মু কাশ্মির পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, পুলওয়ামা জেলার কাকাপোরা এলাকায় সন্ত্রাসীদের লুকিয়ে থাকার খবর পেয়ে নিরাপত্তাবাহিনী সেখানে অভিযান চালায়। সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনীর ৪৭ রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) যৌথ তল্লাশি অভিযান চালানো শুরু করলে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর জওয়ানদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে আয়ুব লেলহারি নামে লস্কর-ই তাইয়্যেবার এক জেলা কমান্ডার নিহত হয়।

সন্ত্রাস দমন অভিযানে আয়ুব লেলহারির নিহত হওয়ার ঘটনা নিরাপত্তা বাহিনীর অন্যতম বিশেষ সাফল্য বলে মনে করছেন পুলিশের ওই কর্মকর্তা। নিহত ওই গেরিলা অনেক সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ছিল বলে পুলিশের দাবি।  

পুলওয়ামা পুলিশের এসএসপি চৌধুরী মুহাম্মদ আসলাম বলেন, গেরিলাদের সঙ্গে বন্দুক যুদ্ধে দু’জন পুলিশকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে  বিশেষ চিকিৎসার জন্য বাদামীবাগে ৯২ আর্মি বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, আজ আয়ুব লেলহারির জানাজায় কয়েক হাজার মানুষ শামিল হয়েছিলেন। মানুষজনের ব্যাপক উপস্থিতির জেরে ৩ দফায় তার জানাজা অনুষ্ঠিত হয়। আয়ুব লেলহারি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ দক্ষিণ কাশ্মিরের বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিলে কয়েক হাজার প্রতিবাদী জনতার মধ্যে শিশু ও নারীরাও উপস্থিত ছিলেন। আজ লেলহারা চক, সামবোরা চক এবং নমান চক এলাকায় মানুষজন সরকারি বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭