স্বাধীনতার দাবিতে পাক অধিকৃত কাশ্মিরে মিছিল, 'জম্মু-কাশ্মির সমস্যার সমাধান ৫ বছরে'
https://parstoday.ir/bn/news/india-i44466-স্বাধীনতার_দাবিতে_পাক_অধিকৃত_কাশ্মিরে_মিছিল_'জম্মু_কাশ্মির_সমস্যার_সমাধান_৫_বছরে'
স্বাধীনতার দাবিতে এবার পাকিস্তান অধ্যুষিত কাশ্মিরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) গণমাধ্যমে প্রকাশ, জান্দালিতে জম্মু-কাশ্মির ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন (জেকেএনএসএফ) আয়োজিত ওই মিছিল-সমাবেশে প্রচুরসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মিছিলে অংশগ্রহণকারীরা পাক সরকারের বিরুদ্ধে দমনপীড়ন নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ করে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার দাবি তোলেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৯, ২০১৭ ১৪:০৪ Asia/Dhaka
  • জেকেএনএসএফ-এর বিক্ষোভ মিছিল
    জেকেএনএসএফ-এর বিক্ষোভ মিছিল

স্বাধীনতার দাবিতে এবার পাকিস্তান অধ্যুষিত কাশ্মিরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) গণমাধ্যমে প্রকাশ, জান্দালিতে জম্মু-কাশ্মির ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন (জেকেএনএসএফ) আয়োজিত ওই মিছিল-সমাবেশে প্রচুরসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মিছিলে অংশগ্রহণকারীরা পাক সরকারের বিরুদ্ধে দমনপীড়ন নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ করে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার দাবি তোলেন।

বিক্ষোভকারীদের দাবি, পাকিস্তান সরকার তাদের বিরুদ্ধে শুধু জুলুমই চালাচ্ছে না, বরং তাদের নিপীড়নও করছে। জেকেএনএসএফ নেতাদের অভিযোগ, পাকিস্তানি সেনা ও গোয়েন্দা এজেন্সি তাদের মাতৃভূমিকে সন্ত্রাসীদের আস্তানায় পরিণত করেছে।

জেকেএনএসএফ-এর সিনিয়র নেতা লিয়াকত খানের অভিযোগ, পাক অধিকৃত কাশ্মিরের প্রতিভার অভাব নেই। এই এলাকার তরুণ প্রজন্ম আন্তর্জাতিক স্তরে খেলায় অংশ নেয়ার যোগ্য। কিন্তু পাক সরকারের একরোখা ভূমিকার জন্য ওইসব প্রতিভা নষ্ট হচ্ছে।

তিনি পাক অধিকৃত কাশ্মিরের সমস্ত মানুষের উদ্দেশ্যে দাসত্বের শিকল ভেঙে বেরিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের এই সুন্দর পৃথিবী সম্পদ ও প্রতিভায়  সমৃদ্ধ। আমাদের ভিতরের ভয় দূর করতে হবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।

লিয়াকত খানের অভিযোগ, ইসলামাবাদ কর্তৃক লস্কর-ই তাইয়্যেবা এবং হিজবুল মুজাহিদীনের মতো সন্ত্রাসী সংগঠনের সমর্থন করায় গোটা পাক অধিকৃত কাশ্মিরের ভেতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তিনি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে পাকিস্তানকে সন্ত্রাসবাদের একটি পরীক্ষাগারে পরিণত করারও অভিযোগ করেন।   

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

৫ বছরের মধ্যে জম্মু-কাশ্মির সমস্যা সমাধান: রাজনাথ

এদিকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এতদিনের জম্মু-কাশ্মির সমস্যা আগামী ৫ বছরের মধ্যে সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি গতকাল (শুক্রবার) উত্তর প্রদেশের লক্ষনৌতে ‘সঙ্কল্প সিদ্ধি–নয়ে ভারত কা নির্মাণ’ অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ‘কাশ্মির, সন্ত্রাসবাদ, মাওবাদসহ বর্তমানে আরো অনেক সমস্যা রয়েছে। কথা দিচ্ছি আগামী ৫ বছরের মধ্যে সব ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘আমরা নতুন ভারত গড়ার সঙ্কল্প নিয়েছি। সেই মতো ২০২২ সালের মধ্যে সব সমস্যার সমাধান বের হবে। দেশবাসীর কাছে প্রতিশ্রুতি রইল।’  

সাধারণ মানুষের উদ্দেশ্যে রাজনাথ বলেন, ‘ ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করুন। বিজেপি সরকারের হাত ধরেই এসব সমস্যার চিরস্থায়ী সমাধান হবে।’

বিগত লোকসভা নির্বাচনের সময় কাশ্মিরে শান্তি ফেরানো ছিল বিজেপি’র অন্যতম নির্বাচনি কর্মসূচি। কিন্তু গত ৩ বছরে সেখানে শান্তি তো দূরঅস্ত বরং চরম অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এরকম পরিস্থিতিতে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে রাজনাথ কি আবারও ৫ বছর সময় চেয়ে নিলেন? এই প্রশ্নই এখন বিশ্লেষক মহলে ঘোরাফেরা করছে।

এদিকে, আজ (শনিবার) নিরাপত্তা বাহিনী কাশ্মিরের সোপিয়ান জেলায় ৯টি গ্রাম ঘিরে ফেলে গেরিলাদের সন্ধানে তল্লাশি চালায়। সন্ত্রাসীরা ওই এলাকায় লুকিয়ে রয়েছে, এমন খবর পাওয়ার পর ৬২ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফের ১৪ ব্যাটেলিয়ানের জওয়ানরা গোটা এলাকা ঘিরে ফেলে কয়েক ঘণ্টা ধরে ব্যাপক তল্লাশি চালালেও কোনো ফল হয়নি।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৯