কাশ্মিরিয়াত-জমহুরিয়াত-ইনসানিয়াতের ভিত্তিতে কাশ্মির সমস্যার সমাধান চাইলেন গিলানি
https://parstoday.ir/bn/news/india-i44668-কাশ্মিরিয়াত_জমহুরিয়াত_ইনসানিয়াতের_ভিত্তিতে_কাশ্মির_সমস্যার_সমাধান_চাইলেন_গিলানি
জম্মু-কাশ্মিরের হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি কাশ্মিরিয়াত, জমহুরিয়াত (গণতন্ত্র) ও ইনসানিয়াতের (মানবতা) আলোকে কাশ্মির সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২৩, ২০১৭ ১১:৪৬ Asia/Dhaka
  • সাইয়্যেদ আলী শাহ গিলানি
    সাইয়্যেদ আলী শাহ গিলানি

জম্মু-কাশ্মিরের হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি কাশ্মিরিয়াত, জমহুরিয়াত (গণতন্ত্র) ও ইনসানিয়াতের (মানবতা) আলোকে কাশ্মির সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।

২০০৩ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ওই মতাদর্শ ব্যক্ত করেছিলেন। এবার সাইয়্যেদ আলী শাহ গিলানি কার্যত বাজপেয়ীর মতেরই পুনরাবৃত্তি করলেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

সম্প্রতি এক ভিডিও বার্তায় গিলানি বলেন, ‘আমরা ভারত সরকারের কাছে বেশি কিছু আশা করছি না। কেবল তারা কাশ্মিরিয়াত-জমহুরিয়াত-ইনসানিয়াতের মাধ্যমে কাশ্মির সমস্যার সমাধান করুক।’

গিলানির ওই বিবৃতি তার আগেকার অবস্থানের বিপরীত বলে মনে করা হচ্ছে। তিনি ভারত ও পাকিস্তানকে আলোচনার মাধ্যমে কাশ্মির সমস্যার সমাধান বের করার আহ্বান জানিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাজপেয়ীর কথার পুনরাবৃত্তি করে কাশ্মিরিয়াত, জমহুরিয়াত এবং ইনসানিয়াতের কথা বলেছিলেন।

কিন্তু বাস্তবে তার রূপায়ন না হওয়ায় কংগ্রেসের সিনিয়র নেতা তথা সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার বিরোধী দলীয় নেতা গুলাম নবী আজাদ সেসময় বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী কাশ্মিরিয়াত, জমহুরিয়াত এবং ইনসানিয়াত নিয়ে স্রেফ কথাই বলছেন, বাস্তবে তার কিছুই দেখা যাচ্ছে না। এটাই তো সমস্যা। মুখে বলে দিলেই সব হয়ে যায় না।’

গিলানির বাড়িতে হুররিয়াতের বৈঠক

এদিকে, আজ (বুধবার) হুররিয়াত প্রধান সাইয়্যেদ আলী শাহ গিলানির হায়দারপোরার বাসভবনে হুররিয়াত কনফারেন্সের ‘মজলিশ-ই সূরা’র বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেখানে কাশ্মিরের বর্তমান পরিস্থিতি, জাতীয় তদন্ত সংস্থা এনআইএ কর্তৃক স্বাধীনতাকামী নেতাদের হয়রানির অভিযোগ, সংবিধানের ৩৫-এ ধারা বিলোপ প্রচেষ্টা প্রসঙ্গে আলোচনাসহ পরবর্তী কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। গত প্রায় ৫ মাস বাদে ‘মজলিশ-ই সূরা’র বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।  

হুররিয়াতের এক সিনিয়র নেতা বলেন, রোববার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সোমবার গিলানি ‘মজলিশ-ই সূরা’র বৈঠক ডাকার সিদ্ধান্ত নেন।

ওমর ফারুক গৃহবন্দি

অন্যদিকে, আজ হুররিয়াত কনফারেন্সের আর এক অংশের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুককে পুলিশ গৃহবন্দি করেছে। প্রায় দু’মাস গৃহবন্দি থাকার পর মাত্র ৪ দিন আগে তিনি মুক্ত হয়েছিলেন। আসন্ন জুমাবারে তিনি শ্রীনগর জামিয়া মসজিদে তওবায়ে ইস্তেগফার নামক ‘বিশেষ প্রার্থনা’য় বড় সংখ্যায় মানুষজনকে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন। কাশ্মিরি জনতাকে তিনি আল্লহার দিকে ফিরে যেতে এবং আল্লাহ্ র কাছে ক্ষমা প্রার্থনার ডাক দিয়েছিলেন। কিন্তু জুমা বারের আগেই তাকে ফের গৃহবন্দি করা হল।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩