জম্মু সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণে ১ বিএসএফ জওয়ান নিহত
https://parstoday.ir/bn/news/india-i45887-জম্মু_সীমান্তে_পাকিস্তানি_সেনাদের_গুলিবর্ষণে_১_বিএসএফ_জওয়ান_নিহত
ভারত-পাক সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে এক বিএসএফ জওয়ান নিহত এবং দু’জন আহত হয়েছেন। আজ (শুক্রবার) জম্মুর সাম্বার অরনিয়া সেক্টরে পাক বাহিনীর গুলিবর্ষণে নিহত বিএসএফ জওয়ানের নাম ব্রিজেন্দ্র বাহাদুর সিং। তিনি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বাসিন্দা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ০৭:৫০ Asia/Dhaka
  • বিএসএফ জওয়ান ব্রিজেন্দ্র বাহাদুর সিং
    বিএসএফ জওয়ান ব্রিজেন্দ্র বাহাদুর সিং

ভারত-পাক সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে এক বিএসএফ জওয়ান নিহত এবং দু’জন আহত হয়েছেন। আজ (শুক্রবার) জম্মুর সাম্বার অরনিয়া সেক্টরে পাক বাহিনীর গুলিবর্ষণে নিহত বিএসএফ জওয়ানের নাম ব্রিজেন্দ্র বাহাদুর সিং। তিনি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে পাক বাহিনীর পক্ষ থেকে গুলিবর্ষণ ও মর্টার হামলা করা হয়। এ সময় বিএসএফের পক্ষ থেকে পাল্টা গুলি চালিয়ে জবাব দিলে দু’জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

চলতি বছরে সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন ও সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত ৪৮ ভারতীয় জওয়ান নিহত হয়েছে।

গত বুধবার সন্ধ্যাতেও পুঞ্চে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকবাহিনী গুলিবর্ষণ করে। পাকিস্তানি রেঞ্জার্সরা আখনূর, ব্রাহ্মণ বেলা ও রায়পুর সীমান্ত চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করলে দুজন বিএসএফ জওয়ান ও স্থানীয় ৩ বেসামরিক নাগরিক আহত হয়।

এক পরিসংখ্যানে প্রকাশ,  গত বছরের তুলনায় চলতি বছরে পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত ১ আগস্ট পর্যন্ত যুদ্ধবিরতির ২৮৬টি ঘটনা ঘটেছে। গত বছর এই সংখ্যা ছিল ২২৮।

এদিকে, গতকাল কাশ্মিরের নওগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আবু ইসমাইল নামে লস্কর-ই-তাইয়্যেবার এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। এটিকে পুলিশ ও  নিরাপত্তাবাহিনীর বড় সাফল্য বলে জম্মু-কাশ্মির পুলিশের কর্মকর্তারা দাবি করার পর আজই সীমান্তের ওপার থেকে পাক বাহিনীর গুলিবর্ষণে এক বিএসএফ জওয়ান নিহত হওয়ার ঘটনা ঘটল।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৫