কাশ্মির সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে ২ গেরিলা নিহত, অস্ত্র উদ্ধার
জম্মু-কাশ্মির সীমান্তে গেরিলাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলার মছিল সেক্টরে নিয়ন্ত্রণরেখা দিয়ে গেরিলারা ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করার চেষ্টা করলে সেনাবাহিনীর গুলিতে তারা নিহত হয়।
আজ (শনিবার) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, সেনাবাহিনী মছিল সেক্টর দিয়ে অনুপ্রেবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং দু’জন সন্ত্রাসী গুলিতে নিহত হয়েছে।
রাজেশ কালিয়া বলেন, নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণরেখা বরাবর সন্দেহভাজন গতিবিধি দেখতে পায়। এ সময় তারা অনুপ্রেবশকারীদের চ্যালেঞ্জ জানালে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলি চলাকালে ওই সন্ত্রাসীরা নিহত হয়। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে, পাকিস্তানি সেনাবাহিনী জম্মু জেলায় গতকাল রাতভর ভারতীয় সামরিক চৌকি ও বসতিকে টার্গেট করে গুলিবর্ষণ করেছে বলে বিএসএফের এক কর্মকর্তা জানান। তিনি আজ বলেন, গত চার দিন ধরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তান একনাগাড়ে গুলিবর্ষণ করছে। এ সকল ঘটনায় বিএসএফের এক জওয়ান নিহত ও অন্য কয়েকজন আহত হয়েছে।
গতকাল (শুক্রবার) জম্মুর সাম্বার অরনিয়া সেক্টরে পাক বাহিনীর গুলিবর্ষণে ব্রিজেন্দ্র বাহাদুর সিং নামে এক বিএসএফ জওয়ান নিহত হন। তিনি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বাসিন্দা। চলতি বছরে সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন ও সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত ৪৮ ভারতীয় জওয়ান নিহত হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৬