জম্মু-কাশ্মিরে গেরিলা হামলায় নিহত ৩, সিআরপিএফ জওয়ানসহ আহত ৩০
https://parstoday.ir/bn/news/india-i46257-জম্মু_কাশ্মিরে_গেরিলা_হামলায়_নিহত_৩_সিআরপিএফ_জওয়ানসহ_আহত_৩০
জম্মু-কাশ্মিরে দুটি আলাদা গেরিলা হামলায় তিন বেসামরিক ব্যক্তি নিহত ও সিআরপিএফ জওয়ানসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাত জন আধাসামরিক বাহিনী সিআরপিএফের সদস্য।   
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৭ ১০:৩০ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে গেরিলা হামলায় নিহত ৩, সিআরপিএফ জওয়ানসহ আহত ৩০

জম্মু-কাশ্মিরে দুটি আলাদা গেরিলা হামলায় তিন বেসামরিক ব্যক্তি নিহত ও সিআরপিএফ জওয়ানসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাত জন আধাসামরিক বাহিনী সিআরপিএফের সদস্য।   

আজ (বৃহস্পতিবার) দুপুরে সন্দেহভাজন অজ্ঞাত গেরিলারা হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। বেলা পৌনে ১২টা নাগাদ গেরিলারা দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রালে একটি বাসস্ট্যান্ডে গ্রেনেড নিক্ষেপ করলে পিঙ্কি কৌর, গুলাম নবী এবং মুহাম্মদ ইকবাল খান নামে তিন বেসামরিক ব্যক্তি নিহত হন। আহতদের চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ঘটনার ১৫ মিনিট পরে দুপুর ১২ টা নাগাদ গেরিলারা ত্রাল বাস স্ট্যান্ডের কাছে এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে সিআরপিএফের ১৮০ ব্যাটেলিয়ানের ৭ জওয়ান আহত হন।  

একটি সূত্রে প্রকাশ, রাজ্যের পূর্তমন্ত্রী নঈম আখতারকে টার্গেট করে গেরিলারা গ্রেনেড হামলা চালালে তিনি কোনোক্রমে রক্ষা পান। পুলিশ বলছে, বর্তমানে তিনি নিরাপদে আছেন এবং তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।  

নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। এর আগে অজ্ঞাত গেরিলারা গতকাল বুধবার রাতে বানিহালে জম্মু-শ্রীনগর মহাসড়কে আধাসামরিক বাহিনী এসএসবি সদস্যদের টার্গেট করে গুলিবর্ষণ করলে দুই জন নিহত ও পাঁচ জন আহত হন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২১