কাশ্মিরে বাসায় ঢুকে বিএসএফ সদস্যকে গুলি করে হত্যা, আহত ৩
https://parstoday.ir/bn/news/india-i46657-কাশ্মিরে_বাসায়_ঢুকে_বিএসএফ_সদস্যকে_গুলি_করে_হত্যা_আহত_৩
জম্মু-কাশ্মিরের বান্দিপোরায় বাসায় ঢুকে এক বিএসএফ সদস্যকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। ওই ঘটনায় এক নারীসহ পরিবারের তিন সদস্যও আহত হয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ০৯:৪১ Asia/Dhaka
  • রামিজ আহমেদ পাররি
    রামিজ আহমেদ পাররি

জম্মু-কাশ্মিরের বান্দিপোরায় বাসায় ঢুকে এক বিএসএফ সদস্যকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। ওই ঘটনায় এক নারীসহ পরিবারের তিন সদস্যও আহত হয়েছেন।

রামিজ আহমেদ পাররি নামে ওই বিএসএফ সদস্য রাজস্থানে মোতায়েন ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে বাসায় এসেছিলেন।  

গতকাল (বুধবার) দিবাগত রাত ১০ টা নাগাদ হাজিন এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাসায় গিয়ে তাকে বাইরে আসতে বলে। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিলে দুর্বৃত্তরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই মারা যান রামিজ। ওই ঘটনায় পরিবারের অন্য ৩ সদস্য আহত হলে তাদের শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু-কাশ্মির পুলিশ ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। রাজ্য পুলিশের প্রধান এস পি বৈদ একে কাপুরুষোচিত এবং নিন্দনীয় ঘটনা বলে মন্তব্য করে অপরাধীদের ছাড়া হবে না বলে জানিয়েছেন।

ওই ঘটনার নেপথ্যে লস্কর-ই তাইয়্যেবা গেরিলা সংগঠনের হাত রয়েছে বলে প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন।

বান্দিপুরায় বিএসএফ সদস্যের উপরে হামলার ঘটনার ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহতিনি একে ভয়ানক ও ঘৃণ্য ঘটনা বলে মন্তব্য করেছেন।

গত মে মাসে ছুটিতে বাড়িতে এসে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছিলেন সেনাবাহিনীর লেফটন্যান্ট ওমর ফৈয়াজ। এবার ছুটিতে বাসায় এসে অজ্ঞাত দুর্বৃত্তদের আক্রমণে নিহত হলেন এক বিএসএফ সদস্য। বাসায় নিরস্ত্র অবস্থায় থাকা জওয়ানরা এভাবে দুর্বৃত্তদের হামলার মুখে পড়ায় প্রশাসনের চিন্তা বেড়েছে।

ওমর ফৈয়াজ হত্যার ঘটনার দায় সেসময় কোনো গেরিলা সংগঠন নিতে চায়নি  একইভাবে রামিজ আহমেদ হত্যার ঘটনার দায়ও এখনো পর্যন্ত কোনো গেরিলা সংগঠনকে নিতে দেখা যায়নি।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৮