কাশ্মিরে ওমর ফারুক গৃহবন্দি, গ্রেফতার মালিক, বন্ধ ইন্টারনেট পরিসেবা
-
কাশ্মিরি নেতা মীর ওয়াইজ ওমার ফারুক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুককে গৃহবন্দি এবং জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্টের(জেকেএলএফ) চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসিন মালিককে পুলিশ গ্রেফতার করেছে।
আজ (শুক্রবার) জুমা নামাজ শেষে এক প্রতিবাদ সভায় তাদের যোগ দেয়ার কথা ছিল। কিন্তু সকালেই ওমর ফারুকের বাসার বাইরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয় এবং পুনরায় নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি বাসার বাইরে যেতে পারবেন না বলে জানানো হয়।
অন্যদিকে, মৈসুমার বাসভবন থেকে জেকেএলএফ চেয়ারম্যান ইয়াসীন মালিককে পুলিশ গ্রেফতার করেছে।
কাশ্মিরের বিভিন্ন স্থান থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা রহস্যজনকভাবে নারীদের বিনুনি কেটে নেয়ার ঘটনায় সেখানে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেখানে এ পর্যন্ত কমপক্ষে ৫০ টি এ ধরণের ঘটনা ঘটেছে।
ওই ঘটনার প্রতিবাদে এবং দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে আজ প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিলেন কাশ্মিরি নেতারা। কিন্তু তার আগেই পুলিশি অভিযানের মাধ্যমে মীরওয়াইজকে গৃহবন্দি এবং ইয়াসিন মালিককে আটক করা হয়।
হুররিয়াত কনফারেন্সের প্রধান সাইয়্যেদ আলী শাহ গিলানি আগে থেকে গৃহবন্দি অবস্থায় রয়েছেন।
অন্যদিকে, আজ শ্রীনগর ও বাডগাম জেলায় মোবাইল ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেয়া হয়েছে।
বিনুনি কাটার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে সহায়তা করলে বা তাদের সন্ধান দিতে পারলে জম্মু-কাশ্মির পুলিশ ৬ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা করেছে।
এদিকে, আজ ওই ঘটনার প্রতিবাদে শ্রীনগরের বিভিন্নস্থানে মানুষ বিক্ষোভ প্রদর্শন করে একে সরকারি এজেন্সির ষড়যন্ত্র বলে অভিযোগ করেন।
আজ যৌথ প্রতিরোধ নেতৃত্বের আহ্বানে মানুষজন শ্রীনগরের প্রেস এনক্লেভে জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান দেন। তাদের অভিযোগ, ওই ঘটনার নেপথ্যে সরকারি এজেন্সির হাত রয়েছে। পুলিশ প্রতিবাদকারীদের একত্রিত করে গাড়িতে তুলে কোটিবাগ থানায় নিয়ে যায়। আজ বিক্ষোভকারীরা অপরাধীদের গ্রেফতার করার দাবিতে ‘মঞ্জুর নেহি-মঞ্জুর নেহি, মুলজিমো কো পেশ করো’ বলে স্লোগান দেন।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/৬