কাশ্মিরে আধাসামরিক বাহিনীর ২ সদস্য আহত, বিক্ষোভ থামাতে প্লাস্টিকের গুলি
https://parstoday.ir/bn/news/india-i47145-কাশ্মিরে_আধাসামরিক_বাহিনীর_২_সদস্য_আহত_বিক্ষোভ_থামাতে_প্লাস্টিকের_গুলি
জম্মু-কাশ্মিরে অজ্ঞাত গেরিলা হামলায় এক কর্মকর্তাসহ আধাসামরিক বাহিনী সিআরপিএফের দুই সদস্য আহত হয়েছেন।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০৭, ২০১৭ ১৭:০৯ Asia/Dhaka
  • কাশ্মিরে আধাসামরিক বাহিনীর ২ সদস্য আহত, বিক্ষোভ থামাতে প্লাস্টিকের গুলি

জম্মু-কাশ্মিরে অজ্ঞাত গেরিলা হামলায় এক কর্মকর্তাসহ আধাসামরিক বাহিনী সিআরপিএফের দুই সদস্য আহত হয়েছেন।  

আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ অনন্তনাগ জেলার কাজি গান্দের মীর বাজার এলাকায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে সিআরপিএফ দলের উপরে গেরিলারা নির্বিচারে গুলিবর্ষণ করলে আধাসামরিক বাহিনীর সদস্যরা আহত হন।

আহতদের মধ্যে আনোয়ার আলী নামে সিআরপিএফের এক কর্মকর্তার নাম জানা গেছে। তিনি উপ-পরিদর্শক পদে কর্মরত আছেন।

আহত সিআরপিএফ সদস্যদের প্রথমে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাদের শ্রীনগর সামরিক হাসপাতালে স্থানন্তর করা হয়।  

গেরিলা হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, আধাসামরিক ও সামরিক বাহিনী পৌঁছে হামলাকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করেছে।   

এদিকে, আজ অন্য এক খবরে প্রকাশ, কাশ্মিরে জমায়েত ও বিক্ষোভ মোকাবিলা করতে সেখানে এবার থেকে ছররা গুলির পরিবর্তে প্লাস্টিকের গুলি ব্যবহার করা হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়য়ের পক্ষ থেকে এরইমধ্যে সিআরপিএফ বাহিনীর হাতে কমপক্ষে ২১ হাজার রাউন্ড প্লাস্টিক বুলেট পাঠিয়ে দেয়া হয়েছে। একে-৪৭ ও একে-৫৬ স্বয়ংক্রিয় রাইফেল থেকে বিশেষভাবে তৈরি ওই বুলেট নিক্ষেপ করা যাবে।  

কাশ্মিরে পেলেট গানের ছররা গুলির ব্যবহার নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার অনেকদিন ধরে বিভিন্নমহলে সমালোচিত হচ্ছে। কাশ্মিরের বিক্ষোভকারী প্রতিবাদী জনতার অনেকেই ছররা গুলির আঘাতে অন্ধ হয়ে গেছেন এবং অনেকের শরীরে স্থায়ী ক্ষত সৃষ্টি হয়েছে। এ নিয়ে সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকেও ছররা গুলির ব্যবহার নিয়ে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে। এরপরেই ছররা গুলির বিতর্ক থামাতে এবার বিশেষভাবে তৈরি প্লাস্টিকের গুলির কথা প্রকাশ্যে এল।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৭