জম্মু-কাশ্মিরে গেরিলা হামলায় সেনা সদস্য নিহত
জম্মু-কাশ্মিরের বাডগাম জেলায় গেরিলা হামলায় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সুবেদার রাজকুমার নামে নিহত ওই সেনা সদস্য ৫৩ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন। তিনি গেরিলাদের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
আজ (সোমবার) প্রতিরক্ষা মন্ত্রণালয়য়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, ক্রস ফায়ারে ওই সেনা সদস্য নিহত হয়েছেন।
একটি সূত্রে প্রকাশ, বাডগামের ড্রাঙ্গে গেরিলাদের সন্ধানে গতকাল (রোববার) গভীর রাতে তল্লাশি অভিযান চালানোর সময় লুকিয়ে থাকা গেরিলারা আচমকা গুলিবর্ষণ করলে ওই সেনা সদস্য উরুতে গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ড্রাঙ্গে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে কমপক্ষে ২০ মিনিট ধরে বন্দুকযুদ্ধ চলে। কিন্তু অন্ধকারের সুযোগে ঘটনাস্থল থেকে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
অন্যদিকে, গতকাল রোববার দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগের পহেলগামে নরেন্দ্র আর নামে সেনাবাহিনীর এক সদস্য নিজ সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন।
এদিকে, আজ বারামুল্লার রাফিয়াবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আবু খালিদ নামে এক শীর্ষ গেরিলা নিহত হয়েছেন। কাশ্মিরের পুলিশ প্রধান মুনীর খান বলেন, জৈশ-ই মুহাম্মদের অপারেশনাল প্রধান ছিল আবু খালিদ।
অন্যদিকে, গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের নাম উল্লেখ না করে বলেছেন, ‘প্রতিবেশি দেশ জঘন্য কর্মকাণ্ড চালানোর জন্য ভারতে সন্ত্রাসবাদী পাঠাচ্ছে। কিন্তু ভারতীয় সেনারা প্রত্যেকদিনই তাদের কমপক্ষে পাঁচ/ছয় জন সন্ত্রাসীকে হত্যা করছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পাকিস্তানকে কড়া জবাব দেয়া হচ্ছে বলেও রাজনাথ হুঁশিয়ারি দেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৯