জম্মু-কাশ্মিরে লস্কর-ই তাইয়্যেবার কমান্ডারসহ নিহত ৩, বন্ধ ইন্টারনেট
https://parstoday.ir/bn/news/india-i47463-জম্মু_কাশ্মিরে_লস্কর_ই_তাইয়্যেবার_কমান্ডারসহ_নিহত_৩_বন্ধ_ইন্টারনেট
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই তাইয়্যেবার শীর্ষ কমান্ডারসহ দুই গেরিলা নিহত হয়েছে। এসময় এক বেসামরিক ব্যক্তি নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। তবে, কোনো কোনো গণমাধ্যমে আহতের সংখ্যা ২০ জনেরও বেশি বলে উল্লেখ করা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৪, ২০১৭ ১২:০৯ Asia/Dhaka
  • লস্কর কমান্ডার ওয়াসিম আহমদ শাহ
    লস্কর কমান্ডার ওয়াসিম আহমদ শাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই তাইয়্যেবার শীর্ষ কমান্ডারসহ দুই গেরিলা নিহত হয়েছে। এসময় এক বেসামরিক ব্যক্তি নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। তবে, কোনো কোনো গণমাধ্যমে আহতের সংখ্যা ২০ জনেরও বেশি বলে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট এলাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেয়া হয়েছে।     

আজ (শনিবার) সকালে পুলওয়ামার লিটার গ্রামে গেরিলাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী অভিযান চালানোর সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ওয়াসিম আহমদ শাহ নামে লস্কর-ই তাইয়্যেবার এক শীর্ষ কমান্ডার এবং নিসার আহমেদ নামে এক গেরিলা সদস্য রয়েছেন। অন্যদিকে, গুলজার আহমেদ মীর নামে এক বেসামরিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

লস্কর কমান্ডার ওয়াসিম আহমদ শাহ (গোল চিহ্নিত)

আজ নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষের সময় স্থানীয় মানুষজন পথে নেমে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে পাথর নিক্ষেপ করে ও বিক্ষোভ দেখায়। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় এবং গুলিবর্ষণ করে ও পেলেট গানের ছররা গুলি চালায়।

এসময় গুলজার আহমেদ মীরসহ বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হলে গুলজার আহমেদকে মৃত ঘোষণা করা হয়। পেলেট গানের ছররা গুলিতে আহতদের পুলওয়ামা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

অন্যদিকে, নিহত গেরিলাদের কাছে থেকে একে-৪৭, এক-৫৬ রাইফেল ও ৬ ম্যাগজিন উদ্ধার হয়েছে।#   

পার্সটুডে/এমএএইচ/এআর/১৪