কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি: ৭ ভারতীয় নাগরিক আহত
https://parstoday.ir/bn/news/india-i47641-কাশ্মির_সীমান্তে_ভারত_পাকিস্তান_গোলাগুলি_৭_ভারতীয়_নাগরিক_আহত
জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণে ৭ ভারতীয় বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আজ (বুধবার) পুঞ্চ ও রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর দু'পক্ষের মধ্যে তুমুল গুলিবর্ষণ ও মর্টার হামলার ঘটনায় সীমান্তসংলগ্ন মানুষজন আহত হন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৮, ২০১৭ ১৩:১৩ Asia/Dhaka
  • কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি: ৭ ভারতীয় নাগরিক আহত

জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণে ৭ ভারতীয় বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আজ (বুধবার) পুঞ্চ ও রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর দু'পক্ষের মধ্যে তুমুল গুলিবর্ষণ ও মর্টার হামলার ঘটনায় সীমান্তসংলগ্ন মানুষজন আহত হন।

আজ সকাল সাড়ে ছ’টা নাগাদ পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখার বালাকোট ও মেন্ধর সেক্টরে এবং রাজৌরি জেলার মাঞ্জাকোট এলাকায় গোলাগুলি বর্ষণ শুরু হয়। এ সময় পুঞ্চের বালাকোট এলাকার দ্রাতি ও বাসোনি গ্রামে ৩ শ্রমিকসহ স্থানীয় এক ব্যক্তি আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তারা এখন বিপদমুক্ত বলে স্বাস্থ্য দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন।

পাক বাহিনীর মর্টার হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি

অন্যদিকে, রাজৌরি জেলার মাঞ্জাকোট এলাকার দু’টি গ্রামের দু’জন বাসিন্দা সামান্য আহত হন। স্বাস্থ্য দফতরের কর্মকর্তা বলেন,  সামান্য আহত হওয়ায় তাদেরকে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পাক বাহিনীর মর্টার হামলায় এ সময় সড়কের পাশে থাকা দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, আজ অন্য ঘটনায় অনন্তনাগ জেলার একটি এলাকায় বিক্ষোভরত জনতার উপরে পুলিশ গুলিবর্ষণ করলে ৫ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। নারীদের বিনুনি কাটার ঘটনার প্রতিবাদে শামিল হয়েছিলেন সেখানকার মানুষজন।

স্থানীয়দের অভিযোগ, বিনুনি কাটা সন্দেহভাজন এক ব্যক্তি সামরিক বাহিনীর গাড়িতে করে পালানোর চেষ্টা করতে দেখেছেন। বাসিন্দারা ওই গাড়িতে পাথর নিক্ষেপ করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলি বর্ষণে ৫ বেসামরিক ব্যক্তি আহত হয়। আহতদের অনন্তনাগ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু-কাশ্মিরে সম্প্রতি একের পর এক রহস্যজনকভাবে নারীদের চুলের বিনুনি কাটার ঘটনায় সেখানকার মানুষজন তীব্র ক্ষোভে ফুঁসছেন। এ পর্যন্ত শতাধিক বিনুনি কাটার ঘটনা ঘটলেও পুলিশ এর কিনারা করতে পারেনি। অপরাধীদের সন্ধান দিতে পারলে পুলিশের পক্ষ থেকে ৬ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৮