কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ গেরিলা নিহত
উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অজ্ঞাত এক গেরিলা নিহত হয়েছে। আজ (রোববার) সকালে হাজিন এলাকার আনাওয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ওই সংঘর্ষ হয়।
গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে আজ ভোরে সামরিক বাহিনী ও জম্মু-কাশ্মির পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা আনাওয়ানে অভিযান চালালে গেরিলাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের জেরে ওই গেরিলা নিহত হয়। নিহত ব্যক্তি লস্কর-ই তাইয়্যেবার সদস্য বলে মনে করা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়য়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, আজ ভোর পাঁচটা নাগাদ নিরাপত্তা বাহিনী আনাওয়ান এলাকায় অভিযান চালায়। এ সময় এক গেরিলা নিহত হয়। নিহতের কাছে থেকে একটি অস্ত্র উদ্ধার হয়েছে। ওই এলাকায় এখনো সেনা অভিযান চলছে।
এদিকে, অন্য এক খবরে প্রকাশ ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত গেরিলাদের সঙ্গে সংঘর্ষে ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রাজ্যে গত ২৮ বছরে গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ১ হাজার ৬২২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডিআইজি, একজন এসপি, ২০ ডেপুটি পুলিশ সুপার, ২৪ পরিদর্শক, ৩৪ উপ-পরিদর্শক, ৬৩ সহকারি উপ-পরিদর্শক এবং ১৪২ হেড কনস্টেবল রয়েছেন।
ওদিকে, আজ বারামুল্লা জেলার উরির কামালকোট সেক্টরে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের জেরে ভারতীয় দুটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত ও কয়েকটি পশু নিহত হয়েছে। গতকালই ওই এলাকায় পাক সেনাদের গুলিবর্ষণের ফলে ভারতীয় সেনাবাহিনীর এক মালবাহক নিহত হয়েছিলেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২২