কাশ্মির নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করবে ভারত সরকার: রাজনাথ
https://parstoday.ir/bn/news/india-i47796-কাশ্মির_নিয়ে_সব_পক্ষের_সঙ্গে_আলোচনা_করবে_ভারত_সরকার_রাজনাথ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কাশ্মির সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার সুসংহত আলোচনা শুরু করবে। আজ (সোমবার) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি ওই ঘোষণা দেন।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ২৩, ২০১৭ ১৭:২০ Asia/Dhaka
  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কাশ্মির সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার সুসংহত আলোচনা শুরু করবে। আজ (সোমবার) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি ওই ঘোষণা দেন।  

রাজনাথ বলেন, জম্মু-কাশ্মিরের সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা হবে এবং ওই আলোচনা প্রক্রিয়ার দায়িত্ব দেয়া হয়েছে সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে। ইনটেলিজেন্স ব্যুরোর (আইবি) সাবেক ডিরেক্টর দীনেশ্বর শর্মা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হয়ে সকল পক্ষের সঙ্গে সংলাপ চালাবেন। ১৯৭৯ ব্যাচের অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৬ পর্যন্ত আইবি’র শীর্ষ পদে অধিষ্ঠিত ছিলেন।

রাজনাথ বলেন, শিগগিরি আলোচনা প্রক্রিয়ার সূচনা হবে, কাশ্মিরি যুব সমাজকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। হুরিয়ত কনফারেন্সের সঙ্গে কথা হবে কী না, জানতে চাওয়া হলে রাজনাথ বলেন, কার সঙ্গে কথা হবে, সেটা দীনেশ্বর শর্মা ঠিক করবেন।  

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রাজনাথের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

কংগ্রেসের সিনিয়র নেতা পি চিদাম্বরম

এদিকে, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা পি চিদাম্বরম বলেন, ‘সংলাপ নয় থেকে ‘সকলের সঙ্গে সংলাপ’ এটা ওই সকল লোকের জন্য বড় জয় যারা জম্মু-কাশ্মিরে রাজনৈতিক সমাধানের জন্য দৃঢ়ভাবে সাফাই দিয়েছিলেন।’

তিনি বলেন, আলোচক নিযুক্ত করে সরকার অন্তত মেনে নিয়েছে ‘শক্তির সাহায্যে’ জম্মু-কাশ্মির সমস্যার সমাধান করা যাবে না।

ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ

অন্যদিকে, ন্যাশনাল কনফারেন্স নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘জম্মু-কাশ্মিরে এনআইএ তদন্তের মানে কী? সংলাপের জন্য কী এনআইএ তদন্ত স্থগিত হবে? সংলাপে সুবিধার জন্য কী আটক হুররিয়াত নেতাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হবে?’   

ওমর বলেন, ‘কাশ্মির সমস্যার রাজনৈতিক স্বীকৃতি ওই সকল লোকের পরাজয় যারা সমস্যা সমাধানের জন্য কেবল ‘শক্তি’ প্রয়োগের কথা বলে থাকেন।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে দেয়া ভাষণে বুলেট বা গালিগালাজ দিয়ে নয়, জম্মু-কাশ্মিরের মানুষকে বুকে টেনে নিয়েই সমস্যা মেটানো সম্ভব বলে মন্তব্য করেছিলেন। তার ওই ঘোষণার সূত্র ধরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩