কাশ্মিরে পুলিশ চৌকিতে গেরিলাদের গ্রেনেড হামলা: আহত ৪
জম্মু-কাশ্মিরের একটি পুলিশ চৌকিতে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় তিন পুলিশ সদস্য ও এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে চারটার দিকে দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলায় দামহাল হাজিনপোরা এলাকায় ওই গ্রেনেড হামলা হয় বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
আহত দুই পুলিশ সদস্যকে দামহাল-হাজিনপোরা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য এক পুলিশ সদস্যকে কুলগাম জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আচমকা ওই গেরিলা হামলার পরে আক্রমণকারীদের সন্ধানে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালাচ্ছে।
এখনো পর্যন্ত কোনো গেরিলা সংগঠন ওই হামলার দায় স্বীকার করেনি।
ওই ঘটনার আগে গত মঙ্গলবার দক্ষিণ কাশ্মিরের ত্রাল এলাকায় গেরিলারা পুলিশ দলের উপরে গ্রেনেড হামলা চালালে এক এসপিও এবং এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছিল।
ত্রালের বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের একটি দল টহলদারি চালানোর সময় তাদের টার্গেট করে হামলা চালানো হয়। সম্প্রতি ওই এলাকায় গেরিলা হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।
গত ১৮ অক্টোবর পুলওয়ামার ত্রাল এলাকায় অজ্ঞাত গেরিলারা পুলিশের এক বিশেষ কর্মকর্তাকে (এসপিও) লক্ষ্য করে গুলি নিক্ষেপ করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ওই ঘটনার পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৬