জম্মু-কাশ্মিরে বিস্ফোরণে কর্মকর্তাসহ ৪ পুলিশ নিহত, মুখ্যমন্ত্রীর নিন্দা
https://parstoday.ir/bn/news/india-i50959-জম্মু_কাশ্মিরে_বিস্ফোরণে_কর্মকর্তাসহ_৪_পুলিশ_নিহত_মুখ্যমন্ত্রীর_নিন্দা
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে শক্তিশালী ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ (শনিবার) সকালে উত্তর কাশ্মিরের বারামুল্লা জেলার সোপোরের একটি বাজারে টহল চালানোর সময় তীব্র শব্দে বিস্ফোরণ ঘটলে পুলিশ কর্মীরা নিহত হন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৮ ১৫:৩৮ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে বিস্ফোরণে কর্মকর্তাসহ ৪ পুলিশ নিহত, মুখ্যমন্ত্রীর নিন্দা

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে শক্তিশালী ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ (শনিবার) সকালে উত্তর কাশ্মিরের বারামুল্লা জেলার সোপোরের একটি বাজারে টহল চালানোর সময় তীব্র শব্দে বিস্ফোরণ ঘটলে পুলিশ কর্মীরা নিহত হন।

জৈশ-ই মুহাম্মদ গেরিলা গোষ্ঠী ওই বিস্ফোরণের দায় স্বীকার করেছে। 'আফজাল গুরু স্কোয়াড' ওই ঘটনা ঘটিয়েছে বলে তাদের এক মুখপাত্র গণমাধ্যমে দাবি করেছেন।   

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি চার পুলিশের মৃত্যুর ঘটনাকে 'অত্যন্ত বেদনাদায়ক' বলে অভিহিত করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কাশ্মির পুলিশের আইজি মুনির খান আইইডি বিস্ফোরণে চার পুলিশ সদস্য নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। অন্য একটি সূত্রে প্রকাশ, সোপোরের গোল মার্কেটের ওই বিস্ফোরণে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি দোকানে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল।

ভয়াবহ ওই বিস্ফোরণে ইরশাদ আহমেদ নামে পুলিশের এক কর্মকর্তা এবং গুলাম নবী, মুহাম্মদ আমীন এবং পারভেজ আহমেদ নামে তিন কনস্টেবল নিহত হয়েছেন। নিহতরা ডোডা, কুপওয়াড়া, রাফিয়াবাদ এবং হান্দওয়াড়া এলাকার বাসিন্দা।

ওই ঘটনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। 

বিস্ফোরণের ফলে কর্তব্যরত পুলিশ কর্মীদের নিহতের ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি শোক প্রকাশ করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নির্বাহী সভাপতি ওমর আবদুল্লাহ।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৬