বিজেপি আর কত দাঙ্গা বাধাবে, কত মানুষকে হত্যা করবে: মমতার প্রশ্ন
-
আলিপুরদুয়ারের জনসমাবেশে ভাষণ দেন মমতা বন্দোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "গোটা ভারতে আর কত দাঙ্গা বাধাবে বিজেপি, কত হত্যা করবে, কত অত্যাচার করবে, কত চক্রান্ত করবে? চক্রান্ত দিয়ে কিন্তু দিন কাটবে না। কারণ মানুষ শান্তিতে বাঁচতে চায়, শান্তিতে থাকতে চায়।"
আজ (মঙ্গলবার) আলিপুরদুয়ারে এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন। মমতা বলেন, "আদিবাসীদের পড়াশোনা শেখানোর নাম করে বিজেপি, বজরং দল, আরএসএস মিথ্যা কথা শেখাচ্ছে। বিজেপির লোকেরা মিথ্যা কথা বলা ছাড়া একটাও সত্যি কথা বলে না।"
তৃণমূল নেত্রী বলেন, "আদিবাসী, দলিতদের উপরে কারা জুলুম করছে? মহারাষ্ট্র, গুজরাট থেকে গোটা ভারত দেখে নিক আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে আমরা আপনাদের ভালোবাসি, ওরা ভালোবাসে না।"
বিজেপিশাসিত গুজরাটে, রাজস্থানে কাজ করতে গিয়ে বাঙালি শ্রমিকরা যেভাবে নিহত হয়েছেন সেসব কথা তুলে ধরে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের তুলোধোনা করেন মমতা।
তিনি বিজেপি’র সমালোচনা করে বলেন,"ওরা হিন্দুদের সঙ্গে হিন্দুদের, হিন্দুদের সঙ্গে মুসলিমদের, ইসলাম ধর্মের সঙ্গে খ্রিস্টানদের, দলিতদের সঙ্গে মুসলিমদের বিবাদ বাধিয়ে দিচ্ছে।"
মমতা বলেন, "দ্বিতীয় শ্রেণিতে বেসরকারি বই দিচ্ছে আরএসএস। গতকালই বিষয়টি আমার নজরে এসেছে। উলুবেড়িয়ার এক স্কুলে তা পাওয়া গেছে। এতে হজরত মুহাম্মদের (সা.) নামে উল্টোপাল্টা মন্তব্য করা হয়েছে। যাতে হিন্দু-মুসলিমের মধ্যে দাঙ্গা হয়। সরকার তাদের বিরুদ্ধে এফআইআর করেছে। নিজেরা বই ছাপিয়ে বাজারে বের করে দিচ্ছে। আর বলছে- এটা বাড়িতে গিয়ে পড়ো, এটা বাড়িতে পড়ার বই। একদম ওদের বিশ্বাস করবেন না। ওদের জন্য আজ কত লোক মারা গেছে জানেন? ওরা মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হত্যা করে, পিটিয়ে হত্যা করে।"
তিনি বলেন, "অসম থেকে এ রাজ্যের মানুষদের তাড়িয়ে দেয়া হচ্ছে। কে কোন রাজ্যে থাকবে, কোথায় কাজ করবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না।"
মমতা বলেন, "কেন্দ্রীয় সরকার জিএসটি ও নোট বাতিল করে মানুষের সর্বনাশ ডেকে এনেছে। এতে মানু্ষের বিপদ বেড়েছে এবং দেশের অর্থনীতিকে একপ্রকার ভেঙে দেয়া হয়েছে।"#
পার্সটুডে/এমএএইচ/এআর/৯