ভারতে অসহিষ্ণুতা ভীষণভাবে বাড়ছে: মমতা বন্দ্যোপাধ্যায়
-
পশ্চিমবঙ্গের গভর্নর কেশরীনাথ ত্রিপাঠীর কাছ থেকে ডি. লিট গ্রহণ করছেন মমতা বন্দোপাধ্যায়
ভারতে অসহিষ্ণুতা ভীষণভাবে বাড়ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের কোলকাতা বিশ্ববিদ্যালয়ের দেয়া ডি. লিট সম্মান গ্রহণ করে এক ভাষণে ওই মন্তব্য করেন।
আজ পশ্চিমবঙ্গের গভর্নর কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডি. লিট সম্মান গ্রহণ করেন।
মমতা তার ভাষণে দেশের ইতিহাস বিকৃতি করার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সকলে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সর্বাত্মক বিকাশের জন্য মনের দরজাকে কখনো বেঁধে রাখতে নেই। মনের দরজা সবসময় খুলে উন্মুক্ত রাখতে হয় যাতে খোলা হাওয়ায় সকলে কাজ করতে পারে। সকলেই উন্নততর মানুষ তৈরি হোক।’
মমতা কোলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্দেশে বলেন, ‘ইতিহাস যেন কখনো বিকৃত না হয়। সম্প্রতি ইতিহাস কংগ্রেসে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইতিহাস একটা জাতির সম্পদ। ইতিহাস আমাদের ইতিহাসকে সংরক্ষণ করে। আমরা যেন সহিষ্ণুতাকে রক্ষা করি।’
তিনি বলেন, ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হল ভারত। নানা ভাষা, নানা মত. নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন ও মহান। এটা করার জন্য কোলকাতা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা নিয়েছে।
ডি. লিট সম্মানে সম্মানিত হয়ে মমতা বলেন, ‘এ থেকে আমার কর্ম প্রেরণা আরো বৃদ্ধি পাবে। আমি অন্য কিছু চাই না, আমি ভালোবাসার কাঙাল। আমি স্নেহ চাই, ভালোবাসা চাই, আর কিছু চাই না। সারা জীবন লড়াই করতে করতে, লড়তে লড়তে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছি। মানুষকে আমি ভালোবাসি, মানুষই আমার সব, মানুষই আমার শেষ ও মানুষই আমার প্রথম।’
মমতা বলেন, কোলকাতা বিশ্ববিদ্যালয়কে আমি বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করুক। তারা বিপ্লব তৈরি করুক। আর বিপ্লব শুধু আন্দোলনে হয় না, শিক্ষার বিপ্লব হয়, সমাজ সংস্কারে বিপ্লব হয়, আত্মচেতনার বিপ্লব হয়, আবেগে বিপ্লব হয়, বিবেকে বিপ্লব হয়। বিপ্লবের চিন্তাধারা নিয়ে কোলকাতা বিশ্ববিদ্যালয় এগিয়ে এসে গোটা পৃথিবীকে পথ দেখাক।’
কোলকাতা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে বাংলা ভাবা যায় না এবং বাংলা বাদ দিয়ে কোলকাতা বিশ্ববিদ্যালয় ভাবা যায় না বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১১