জম্মু-কাশ্মির সীমান্তে ৩ দিনে নিহত ৯, বিধানসভায় বিরোধীদের প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/india-i51673-জম্মু_কাশ্মির_সীমান্তে_৩_দিনে_নিহত_৯_বিধানসভায়_বিরোধীদের_প্রতিবাদ
জম্মু-কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের ফলে গত তিন দিনে নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনা ও আধাসামরিক বাহিনীর চার সদস্য ও পাঁচজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২০, ২০১৮ ১৬:৫১ Asia/Dhaka
  • স্বজন হারানো কয়েকজন কাশ্মিরি নারী
    স্বজন হারানো কয়েকজন কাশ্মিরি নারী

জম্মু-কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের ফলে গত তিন দিনে নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনা ও আধাসামরিক বাহিনীর চার সদস্য ও পাঁচজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।

গত ১৭ জানুয়ারি থেকে জম্মু-কাশ্মির সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় সীমান্তে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। পাকিস্তানি মর্টার ও গুলিবর্ষণের ফলে আন্তর্জাতিক সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। নিয়ন্ত্রণরেখায় বরাবর মোতায়েন সমস্ত বেসামরিক কর্মকর্তাদের সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেয়া হয়েছে। সাধারণ মানুষের সাহায্যের জন্য সীমান্তে প্রায় ২০০ অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন পেট্রলপাম্পে ফায়ার ব্রিগেড রাখা হয়েছে।

সীমান্ত এলাকা থেকে এ পর্যন্ত আট/নয় হাজার বাসিন্দা নিরাপদ স্থানে চলে গেছেন। রামগড়, আর এস পুরা, রাজৌরি, পুঞ্চ এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে পাঠানো  হয়েছে। রামগড় সেক্টরের কিছু মানুষকে সাম্বাতে তৈরি অস্থায়ী শিবিরে রাখা হয়েছে। আর এস পুরা থেকে কিছু মানুষ অন্যত্র চলে গেছেন এবং কিছু মানুষ আত্মীয়-স্বজনের বাসা ও ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

জম্মু-কাশ্মির বিধানসভায় হট্টগোল

এদিকে, সীমান্তে গোলাগুলিতে সেনা সদস্য ও বেসামরিক মানুষজন নিহত হওয়ার প্রতিবাদে আজ (শনিবার) জম্মু-কাশ্মির বিধানসভায় বিরোধী সদস্যরা তুমুল গোলযোগ সৃষ্টি করেন। বিরোধীদের দাবি, বর্তমান সরকার মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে। আজ সভার কাজ শুরু হতেই বিরোধী ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস সদস্যরা সীমান্তে খারাপ পরিস্থিতির জন্য সরকারের কাছে জবাব দাবি করেন। এ সময় বিজেপি বিধায়কদের সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডা বেঁধে যায়। বিরোধী সদস্যরা বিজেপি ও আর এস এস বিরোধী স্লোগান দেন। তারা বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, 'আপনাদের ৫৬ ইঞ্চি চওড়া বুকের ছাতি কোথায়?' পরে বিরোধীরা বিধানসভা থেকে ওয়াকআউট করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২০