কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে বেসামরিক ব্যক্তি হতাহত: প্রতিবাদে বনধ পালিত
https://parstoday.ir/bn/news/india-i52095-কাশ্মিরে_নিরাপত্তা_বাহিনীর_গুলিতে_বেসামরিক_ব্যক্তি_হতাহত_প্রতিবাদে_বনধ_পালিত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে বেসামরিক ব্যক্তিদের হতাহতের প্রতিবাদে আজ (রোববার) বনধ পালিত হয়েছে। গতকাল (শনিবার) যৌথ প্রতিরোধ নেতৃত্বের পক্ষ থেকে কাশ্মির উপত্যকাজুড়ে এই বনধের ডাক দেয়া হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৮, ২০১৮ ১২:২২ Asia/Dhaka
  • নিহতদের কফিন নিয়ে মিছিল
    নিহতদের কফিন নিয়ে মিছিল

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে বেসামরিক ব্যক্তিদের হতাহতের প্রতিবাদে আজ (রোববার) বনধ পালিত হয়েছে। গতকাল (শনিবার) যৌথ প্রতিরোধ নেতৃত্বের পক্ষ থেকে কাশ্মির উপত্যকাজুড়ে এই বনধের ডাক দেয়া হয়।

আজ বনধের ফলে কাশ্মির উপত্যাকায় জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। সেখানকার দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ গণপরিবহণ ব্যবস্থা বন্ধ ছিল। ডাউনটাউন শ্রীনগরে প্রতিবাদ বিক্ষোভের আশঙ্কায় কর্তৃপক্ষ কারফিউয়ের মতো নিষেধাজ্ঞা জারি করেছে।

অন্যদিকে সোপিয়ানে এ নিয়ে চতুর্থদিন ধরে বনধ পালিত হচ্ছে। গত বুধবার সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা ও এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিল।

দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলার গানাওপোরাতে গতকাল (শনিবার) নিরাপত্তা বাহিনীর গুলিতে দু’জন বেসামরিক ব্যক্তি নিহত ও অন্য এক ব্যক্তি গুরুতরভাবে আহত হওয়ায় সেখানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মীর ওয়াইজ ওমর ফারুক, সাইয়েদ আলী শাহ গিলানি ও ইয়াসিন মালিক

হুররিয়াত কনফারেন্স, জামায়াতে ইসলামী জম্মু-কাশ্মির, পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট, সিপিআই(এম)সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ওই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

জম্মু-কাশ্মির পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে সেনাবাহিনীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকারের এক মুখপাত্র বলেছেন, মুখ্যমন্ত্রী দু’জন নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

মেহবুবা মুফতি

মেহবুবা মুফতি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গেও এ ব্যাপারে কথা বলেছেন। প্রতিরক্ষামন্ত্রী এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন।

অন্যদিকে, সেনাবাহিনীর দাবি, তারা আত্মরক্ষা করতে গুলি চালালে জাভেদ আহমদ ভাট (২০) এবং সুহাইল জাভেদ লোন (২৪) নামে দু’জন নিহত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার দাবি, সেনা কনভয়ে পাথর নিক্ষেপকারী জনতা সেনাবাহিনীর এক কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করার চেষ্টা করে এবং তার অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করলে জওয়ানরা গুলি চালাতে বাধ্য হয়। ওই ঘটনায় ৭ জওয়ান আহত এবং তাদের ১১ যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৮