দাঙ্গা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মদদ দেয় বিজেপি: মমতার অভিযোগ
https://parstoday.ir/bn/news/india-i52535-দাঙ্গা_ও_বিচ্ছিন্নতাবাদী_আন্দোলনে_মদদ_দেয়_বিজেপি_মমতার_অভিযোগ
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দাঙ্গা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মদদ দেয় বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ছাত্র-যুব সম্মেলনে ভাষণ দেয়ার সময় ওই অভিযোগ করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ১৫:৫৫ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দাঙ্গা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মদদ দেয় বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ছাত্র-যুব সম্মেলনে ভাষণ দেয়ার সময় ওই অভিযোগ করেন।

মমতা বলেন, "ওদের (বিজেপি) একটাই কাজ, দাঙ্গা বাধানো ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মদদ দেয়া এবং সারাক্ষণ মানুষে মানুষে ঝগড়া বাধিয়ে দেয়া। পাশে অসম রাজ্য আছে, সেখানে হঠাৎ শুরু হল, 'বাঙালি হঠাও, অসম বাঁচাও'। বাংলার মানুষ বিপদে পড়লে আমরা তাদের রক্ষা করবো। অসমে যখন দাঙ্গা হয়েছিল আমরা অসমের বাসিন্দাদের জলপাইগুড়ি ও আলীপুরদুয়ারে তাদেরকে নিজেদের অতিথি করে রেখে দিয়েছিলাম। অসমের ভাইবোনেরা আমাদের ভাইবোন। আমরা মানুষে মানুষে ভাগাভাগি করি না এবং কখনো করতে চাই না।"

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "নরেন্দ্র মোদি সরকার ষড়যন্ত্র করে বাংলাকে বঞ্চিত করছে। বাংলাকে বঞ্চনা করে শেষ করতে পারবে না। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার একাধিক ষড়যন্ত্র করলে আমাদের দমাতে পারেনি।"

তিনি তৃণমূল কংগ্রেসকে দেশের সব থেকে স্বচ্ছ রাজনৈতিক দল বলে দাবি করেন।

মমতা বলেন, বিজেপি ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করবে তৃণমূল। তিনি বিজেপিকে কটাক্ষ বলেন, বিজেপি বাম্বুমেশিন তৈরি করে, আর তৃণমূল উন্নয়ন করে।  

দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কখনো মাথানত করবেন না। কখনো কারো কাছে বিক্রি হয়ে যাবেন না। গত ৬ বছরে ৮১ লাখ ছেলে মেয়ের চাকরি হয়েছে এবং আরো ৯ লাখ চাকরি হবে বলে তিনি জানান। আগামী দিনে তৃণমূল দেশে বড় ভূমিকা পালন করবে এবং ২০১৯ সালে বাংলাই ভারতকে পথ দেখাবে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৫