জম্মু-কাশ্মিরে গেরিলা হামলায় ২ পুলিশ নিহত, বন্দির পলায়ন
https://parstoday.ir/bn/news/india-i52581-জম্মু_কাশ্মিরে_গেরিলা_হামলায়_২_পুলিশ_নিহত_বন্দির_পলায়ন
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে গেরিলা হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে শ্রীনগরে মহারাজা হরি সিং হাসপাতালে গেরিলারা গুলিবর্ষণ করলে ওই ঘটনা ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০১৮ ১১:৫৩ Asia/Dhaka
  • ২০১৪ সালে নাভিদ জাটকে গ্রেফতার করা হয়
    ২০১৪ সালে নাভিদ জাটকে গ্রেফতার করা হয়

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে গেরিলা হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে শ্রীনগরে মহারাজা হরি সিং হাসপাতালে গেরিলারা গুলিবর্ষণ করলে ওই ঘটনা ঘটে।

কাশ্মিরের ডিআইজি জেনারেল গুলাম হাসান ভাট জানিয়েছেন, পুলিশ আজ শ্রীনগর কেন্দ্রীয় কারাগার থেকে ৬ গেরিলাকে হাসপাতালে মেডিক্যাল চেকআপ করতে এনেছিল, এ সময় আচমকা গেরিলাদের গুলিবর্ষণের সুযোগে নাভিদ জাট ওরফে আবু হানজালা নামে এক লস্কর-ই তাইয়্যেবা গেরিলা সদস্য পালিয়ে যেতে সমর্থ হয়েছে।

তিনি জানান, 'পাকিস্তানের বাসিন্দা' নাভিদকে ভারতীয় নিরাপত্তা বাহিনী ২০১৫ সালে দক্ষিণ কাশ্মির থেকে গ্রেফতার করেছিল। শ্রীনগর কেন্দ্রীয় কারাগার থেকে আজ তাকেসহ অন্য বন্দিদের স্বাস্থ্য পরীক্ষার করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই হামলার পর শ্রীনগর ও আশেপাশের এলাকায় লাল সতর্কতা জারি করে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

হাসপাতাল থেকে নাভিদ জাটের পলায়ন

গণমাধ্যমের একটি সূত্র বলছে, কমপক্ষে দু’জন গেরিলা পুলিশ দলের উপরে গুলিবর্ষণ করে। হাসপাতালের ভেতর থেকে গেরিলারা পুলিশ বাহিনীর উপরে পেছন দিক থেকে হামলা চালায় বলেও বলা হচ্ছে। 

অন্য একটি সূত্রে প্রকাশ, হাসপাতালে চিকিৎসার জন্য আনা বন্দিদের মধ্যে একজন পুলিশের বন্দুক ছিনিয়ে গুলিবর্ষণ করে।

শ্রীনগর পুলিশের এসএসপি ইমতিয়াজ ইসমাইল বলেন, হাসপাতালে বন্দিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয়। এসময় এক বন্দি পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে তাদের উপরে গুলিবর্ষণ করে। ওই হামলায় এক গেরিলা পালিয়ে যেতে সমর্থ হয়েছে।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/২ঃ৬