উন্নয়নের জন্য দিল্লির কাছে ভিক্ষা প্রার্থনার দরকার নেই: মমতা
-
বক্তব্য রাখছেন মমতা বন্দোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "উন্নয়নের জন্য দিল্লির কাছে ভিক্ষা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের কাছে যা আছে তাই দিয়েই আমরা সফল হবো।"
আজ (বুধবার) দার্জিলিংয়ের ম্যালে এক সভায় তিনি ওই মন্তব্য করেন। মমতা বলেন, ‘অনেকে দার্জিলিংয়ের সুনাম নষ্ট করতে চান। দার্জিলিং আমার ভালোবাসার জায়গা। টাকা ছড়িয়ে এখানে অশান্তি করার চেষ্টা করা হচ্ছে। বিভাজনের রাজনীতি করে বাংলাকে উত্তপ্ত করা যাবে না।’
তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘পাহাড় ফের অবরুদ্ধ হয়ে গেলে আপনাদের ক্ষতি হবে। দেখলেন তো টানা কয়েকমাস পাহাড়কে অবরুদ্ধ করে কীভাবে আপনাদের ক্ষতির মুখে ফেলা হল। পরিকল্পিতভাবেই এসব করা হয়েছে।’

মমতা প্রতিবেশি রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘পাহাড়ে অশান্তি হলে, পাহাড় অবরুদ্ধ হয়ে গেলে সিকিম খুশি হয়। কারণ, এখানকার পর্যটকরা ওখানে যাবেন।’
তিনি বলেন, ‘সিকিমের চেয়ে দার্জিলিং কোনো অংশে কম নয়। দার্জিলিংয়ের পরিবেশ সুইজারল্যাণ্ডের চেয়ে কোনো অংশে কম নয়। সেটা বুঝতে পেরেই পাহাড়ে গোলযোগ সৃষ্টির চেষ্টা হচ্ছে।’

মমতা বলেন, আপনারা সকলেই একসঙ্গে থাকুন। কোনো অবস্থাতেই শান্তি নষ্ট হতে দেবেন না। আপনারা এ রাজ্যের নাগরিক। রাজ্যের কাছে আপনারা আপনাদের দাবি জানাতেই পারেন। কিন্তু তা শান্তিপূর্ণভাবে করতে হবে। আমি চাই বনধের খেলা বন্ধ হোক। বনধ হলে পাহাড়ের ক্ষতি।’
বনধ করে মানুষকে কষ্ট দিয়ে কোনো কিছু করা যায় না বলেও মমতা মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৭