বিজেপি আগে দিল্লি সামলাক, তারপর বাংলা জয়ের কথা ভাবুক: মমতা
-
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি আগে দিল্লি সামলাক, তারপর বাংলা জয়ের কথা ভাবুক। বিজেপি’র পশ্চিমবঙ্গ জয়ের উচ্চাশা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গতকাল (শনিবার) মমতা ওই মন্তব্য করেছেন।
২০১৯ সালে সাধারণ নির্বাচনে বিজেপি পরাজিত হবে বলে মন্তব্য করে মমতা বলেন, ‘২০১৯ সাল এত সহজ হবে না। ২০১৯ সালে ওরা হারবে, বিপর্যয় হবে। বাংলা-উড়িষ্যা অত সহজ নয়।’
বামশাসিত ত্রিপুরায় বিজেপি বামফ্রন্টকে পরাজিত করে ক্ষমতায় আসায় এবং মেঘালয় ও নাগাল্যান্ডে ভালো ফল করার সুবাদে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, এবার তাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ, কেরালা ও উড়িষ্যা। এই তিনটি রাজ্য আজ না হয়, কাল আমরা দখল করছিই। আর একবার এই তিনটি রাজ্য হাতে এলে সেটাই হবে বিজেপির স্বর্ণযুগ!
অমিত শাহের ওই মন্তব্য সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে দেশে ২০১৯ সালে সাধারণ নির্বাচনে বিজেপি পরাজিত হবে বলে মন্তব্য করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘ত্রিপুরার নির্বাচনের ফল দেখে এত লাফালাফি করার কিছু নেই। আরশোলার কখনো ময়ূরের পুচ্ছ লাগাতে ইচ্ছে হয়!’
তিনি বলেন, ‘ওরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েছে। হাজার হাজার ইলেকট্রনিক ভোট যন্ত্র (ইভিএম) খারাপ হয়েছিল। আমি বুঝতে পারলাম না, সিপিএম কেন প্রতিবাদ করল না! ওরা আত্মসমর্পণ করেছে।’
বিজেপি’র তীব্র সমালোচনা করে মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকার কোনো কাজ করছে না। লক্ষ্য শুধু বর্বরতা দিয়ে সব রাজ্যে দলকে নিয়ে যাওয়া। দেশে ব্যাংক জালিয়াতি হচ্ছে। নোট বাতিলের নামে লুট হয়েছে। ২০১৯ সালে মানুষ এসবের জবাব দেবে।’
পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের উদ্দেশে মমতা বলেন, ‘এত লাফালাফি করার কিছু নেই। ত্রিপুরার সঙ্গে অন্য জায়গাকে মেলাবেন না। ওরা মধ্যপ্রদেশ, রাজস্থানে হেরেছে। গুজরাটে যত টাকা ঢেলেছে, সেভাবে কী জিতেছে? কর্নাটকেও হারবে। বাংলা-উড়িষ্যা তো দূর অস্ত!’
‘মেঘালয়ে ওরা (বিজেপি) পারেনি। নাগাল্যান্ডের জয়ে ওদের কোনো কৃতিত্ব নেই’ এমন মন্তব্যও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৪