মার্কস, লেনিনের মূর্তি ভাঙলে তা মেনে নেব না: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i54011-মার্কস_লেনিনের_মূর্তি_ভাঙলে_তা_মেনে_নেব_না_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনারা ক্ষমতায় এসেছেন বলে, মার্কসের মূর্তি ভাঙবেন, লেনিনের মূর্তি ভাঙবেন, গান্ধীজির মূর্তি ভাঙবেন, নেতাজী, স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙবেন এটা আমরা মেনে নেব না।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৬, ২০১৮ ১৪:৩৪ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনারা ক্ষমতায় এসেছেন বলে, মার্কসের মূর্তি ভাঙবেন, লেনিনের মূর্তি ভাঙবেন, গান্ধীজির মূর্তি ভাঙবেন, নেতাজী, স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙবেন এটা আমরা মেনে নেব না।’

আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের বাকুড়া জেলার পাত্রসায়রে এক জনসভায় তিনি ওই মন্তব্য করেন।

ত্রিপুরায় বামফ্রন্টকে পরাজিত করে বিজেপি ক্ষমতায় আসার পর সেখানে বুলডোজার দিয়ে লেনিনের মূর্তি ভাঙা হয়েছে। মমতা আজ সেই প্রসঙ্গে বিজেপি’র তীব্র সমালোচনায় মুখর হন।

তিনি বলেন, ‘আমি সিপিএমের পক্ষে নই, বিরুদ্ধে। কালমার্কস আমার নেতা নয়, লেনিনও আমার নেতা নয়। কিন্তু রাশিয়ায় মার্কস, লেনিন প্রাসঙ্গিক। একেকজন একেক জায়গার ম্যাটার হন।’

লেনিনের মূর্তি ভাঙার দৃশ্য

তিনি জাতীয় গণমাধ্যমের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, এখন এসব চোখে দেখতে  পাচ্ছেন না? নাকিমুখে গরুর মতো ঠুলি পরানো আছে? (ত্রিপুরায়) ভেঙেচুরে তছনছ করা হচ্ছে কেউ কোনো প্রতিবাদ করছে না, আমরা কিন্তু প্রতিবাদ করব। আমার  সঙ্গে সিপিএমের সঙ্গে মতাদর্শগত লড়াই আছে। তাদের অত্যাচারকে আমরা সমর্থন করি না। তেমনি বিজেপি’র অত্যাচারও সমর্থন করি না।’ 

বিজেপি সম্পর্কে মমতা বলেন, ‘এত ঔদ্ধত্য, এত অহংকার ভালো নয়। কথায় বলে, অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। তোমাদের হুঙ্কার মানুষ মাটিতে মিশিয়ে দেবে। কেন্দ্রীয় বিজেপি সরকার মুখে বড় বড় কথা বলে, কিন্তু কাজের নামে লবডঙ্কা! ব্যাংক হয়েছে ক্যাশলেস, আর বিজেপি হয়েছে ফেসলেস। ব্যাংকে টাকা রাখলে এখন তা সুরক্ষিত নয়।’

মমতা কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, বিজেপির আমলে ‘গোবর’ এখন ধন হয়েছে।

তিনি কেন্দ্রীয় সরকারের অত্যাচারের প্রতিবাদ না করলে আগামীদিন মানুষ চোখে সর্ষের ফুল দেখবে বলে হুঁশিয়ারি দেন। মমতা বলেন, দেশের মানুষ ডুবে যাচ্ছে, দেশকে বাঁচাতে হবে।  

বিজেপি’র উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের টার্গেট যদি হয় ‘বাংলা’ (পশ্চিমবঙ্গ), বাংলার টার্গেট হবে দিল্লির লালকেল্লা (কেন্দ্রীয় সরকার)।

বিজেপি রাজ্যে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে বলে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘কখনো হিন্দু মন্দিরে মাংস ফেলে দেয়া হচ্ছে, কখনো মুসলিমের ঘরে মাংস ফেলে আগুন লাগিয়ে দাঙ্গা বাধানো হচ্ছে। এক টুকরো মাংসের চেয়ে মানুষের জীবনের দাম অনেক বেশি। কেউ যদি মাংসের টুকরো ফেলে দাঙ্গা বাধানোর চেষ্টা করে আপনারা পুলিশকে খবর দিন।’ তিনি ব্যাপারে সকলকে নজর রাখার আবেদন জানানোসহ পুলিশকে সহযোগিতা করলে তাকে পুরস্কৃত করা হবে বলে জানান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৬