দুই হাজার উনিশ, বিজেপি হবে ফিনিশ: মমতা
https://parstoday.ir/bn/news/india-i54105-দুই_হাজার_উনিশ_বিজেপি_হবে_ফিনিশ_মমতা
ভারতকে বাঁচাতে বিজেপিকে হটানোর আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় নারী দিবস পালন অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৮, ২০১৮ ১৪:৪৫ Asia/Dhaka
  • মমতা বন্দোপাধ্যায়
    মমতা বন্দোপাধ্যায়

ভারতকে বাঁচাতে বিজেপিকে হটানোর আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় নারী দিবস পালন অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘আজ শুধু বাংলা নয়, আমি আপনাদের পাশাপাশি গোটা ভারতের মা-বোনেদের কাছে আবেদন জানাতে চাই যদি আপনারা দেশ বাঁচাতে চান তাহলে বিজেপিকে হটান। যদি আপনারা সংসার বাঁচাতে চান তাহলে বিজেপিকে হঠান। যদি আপনারা সমাজ চান তাহলে বিজেপিকে হঠান। এরা যদি থাকে তাহলে দেশে কেবল বিপদই থাকবে। আপনাদের কোনো ভবিষ্যৎ থাকবে না, আপনাদের ছেলে-মেয়েদেরও কোনো ভবিষ্যৎ হবে না।’

নারী দিবসের অনুষ্ঠানে সমবেত নারীদের একাংশ

মমতা বলেন, ‘শুধু হিন্দু-মুসলমান করলে দেশ চলে না। কেবল আগুন জ্বালিয়ে দিলে দেশ চলে না। আজ নারী দিবসে আমি মা-বোনদের বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যান।’

মমতা বলেন, ‘বাংলায় সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই।’ তিনি আজ সমাবেশ মঞ্চ থেকে স্লোগান তুলে বলেন, ‘মহিলারা দিচ্ছে ডাক, বিজেপি চলে যাক।’ ওরা তাড়াতাড়ি বিদায় নিক, বাংলার মানুষ, ভারতের মানুষ বেঁচে যাক। ‘দু’হাজার উনিশ, বিজেপি হবে ফিনিশ’।’  

তিনি বলেন, ‘বাংলার মাটি এই লড়াই চিরকাল করেছে এবং ভবিষ্যতেও তা করবে। যখনই কোনো আন্দোলন হয়েছে, বাংলা নেতৃত্ব দিয়েছে। বাংলা সবার সাথে নেতৃত্ব দিয়ে পিছনে থাকবে, সামনে যাবে না কিন্তু তোমাদের (বিজেপি) বিসর্জন আমরা দেবোই।’

বিজেপিকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘বাংলাকে চিনতে গেলে হাড়ে হাড়ে টের পাবে। তোমাদের টার্গেট বাংলা। আর বাংলার টার্গেট লালকেল্লা (কেন্দ্রীয় সরকার)। বাংলা জয় করা অত সস্তা নয়, বাংলা দিল্লি জয় করে দেখিয়ে দেবে।’ বাংলা নিজের জন্য নয় গোটা ভারতের জন্য করছে বলেও মমতা মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৮