বিতর্কিত মন্তব্যের অভিযোগে অর্থমন্ত্রীকে বরখাস্ত করলেন কাশ্মিরের মুখ্যমন্ত্রী
-
হাসিব দ্রাবু
বিতর্কিত মন্তব্য করার অভিযোগে জম্মু-কাশ্মিরের অর্থমন্ত্রী হাসিব দ্রাবুকে বরখাস্ত করা হয়েছে। গতকাল (সোমবার) মেহবুবা মন্ত্রিপরিষদ থেকে দ্রাবুকে বরখাস্ত সিদ্ধান্ত নেয়ার পর তা গভর্নর এন এন ভোরাকে জানিয়ে দেয়া হয়। গভর্নর তাতে প্রয়োজনীয় অনুমোদন দিতেই বরখাস্ত হন দ্রাবু।
সম্প্রতি নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে পিডিপি নেতা হাসিব দ্রাবু বলেন, কাশ্মির রাজনৈতিক বিষয় নয় বরং এটি সামাজিক সমস্যা।
দলীয় লাইনের বিপরীতে মন্তব্য করায় পিডিপি সহ-সভাপতি মুহাম্মদ সরতাজ মাদানী হাসিব দ্রাবুকে এ ব্যাপারে সাফাই দিতে বলেন। তিনি বলেন, পিডিপি মনে করে জম্মু-কাশ্মির রাজনৈতিক ইস্যু এবং কেবল তা সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব। দ্রাবু কোর ইস্যুতে দলীয় অবস্থানের বিপরীত বিবৃতি দিয়েছেন।
এদিকে, পিডিপি নেতা হাসিব দ্রাবুর মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিরোধী ন্যাশনাল কনফারেন্স ও সিপিআই(এম) দ্রাবুর মন্তব্যকে কেন্দ্র করে সরকারকে চেপে ধরার চেষ্টা করছে। বিরোধীদের দাবি, হাসিব দ্রাবুর মন্তব্যে সরকারের উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে, সরকার রাজ্যে শান্তি চায় না।
অন্যদিকে, হাসিব দ্রাবুর বরখাস্তের ঘোষণায় রাজ্যে পিডিপি-বিজেপি জোটের মধ্যে টানাপড়েন সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। দ্রাবুকে বিজেপিঘনিষ্ঠ বলে মনে করা হয়। জম্মু-কাশ্মিরে পিডিপি-বিজেপি জোট সরকার গঠনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওই ঘটনায় বিজেপি’র শীর্ষনেতারা গোটা বিষয় অবগত হতে দলটির রাজ্য নেতাদের দিল্লিতে তলব করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৩